About Me

I am like a pebble lying beside the road for ages. I observe and think. Sometimes I want things to be changed. But I am not an active person at all. So I just lie down and watch the play taking place around me. Somehow I enjoy the solitude I live in. I am happy with the package I came with. This beautiful earth, sunshine and rain…
Showing posts with label Diary. Show all posts
Showing posts with label Diary. Show all posts

Sunday, October 3, 2010

আগমনী

অক্টোবর মাস এসে গেল। আজকাল আর ভোর হলে আলো দেখা যায় না। জানলার কাঁচে ফোঁটা ফোঁটা শীত জমে থাকে। আবছা অন্ধকারে গুটিসুটি মেরে জেগে থাকা ফ্যাকাসে নক্ষত্ররা বলে, আরও ঘুমাও খানিক, কি হবে জেগে? যদিও আমি নক্ষত্রের নির্দেশ মানি না। জেগেই থাকি। দেখি কেমন করে শীতরাত ফিকে হয়। মনে পড়ে বাংলা দেশে এখন আশ্বিন মাস। বাংলার আকাশে এখন আগমনী।

পুজো নিয়ে আমার বিশেষ স্মৃতিকাতরতা নেই। প্রতি পুজোতেই ভিড় এড়াতে বাবা-মা বেড়াতে চলে যেতেন আমাদের নিয়ে। ছোটবেলায় দু-একবার অঞ্জলী দিয়েছিলাম বোধহয়। গার্ডেন সিল্কের চকচকে জামা পরে ঘামতে ঘামতে ঠাকুরও দেখেছি বারকয়েক। পায়ের নতুন জুতোয় সদ্যলব্ধ ফোস্কা। সে সব বাদ দিলে দুর্গাপ্রতিমা নিয়ে আদিখ্যেতা নেই তেমন। ধূপের গন্ধ বেশ লাগে। ভালো লাগে শিউলি ফুল। রেললাইনের ধারে অনাদরে বেড়ে ওঠা কাশের ঝোপ। শরতের নীল আকাশ। আর সবচেয়ে প্রিয় মহালয়ার সকালে নতুন পূজাবার্ষিকীর গন্ধ। বছরের এই সময়টা এইসব আদেখলা অকিঞ্চিৎকর স্মৃতি পোষা বেড়ালের মত পায়ে পায়ে ঘোরে। বকে ধমকেও তাদের এড়ানো যায় না। রোদ উঠুক, ছাই না উঠুক – আগমনীর আলো পথ খুঁজে নেবেই নেবে।

গতবছর এইসময় দিদা চলে গেল। মহালয়ায় নাকি পিতৃপুরুষকে তর্পণ করতে হয়। মেয়েদেরও স্মরণ করার রীতি আছে কিনা কে জানে! মনে তো তাকে পড়েই। যখনই মুগডালে ফোড়ন দিই – জিরে, শুকনোলঙ্কা, আদাবাটা। অথবা কপি-পোস্ত রাঁধি – কড়ায় নেড়ে নেড়ে জলের ছিটে দিয়ে। ভোলার কি উপায় আছে! মানুষ চলে যায়। গন্ধগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে – জব্দ করবে বলে। আগমনীর বাতাসে আজকাল এইসব গন্ধও মিশে থাকে।

পরশু অফিসফেরতা দেখি রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। খামোখা অনেক ঘুরে বাড়ি ফিরতে হল। লাভের মধ্যে ব্লুমিংটনের কিছু রাস্তা ঘোরা হয়ে গেল যেদিকে সচরাচর যাওয়া হয় না। দেখি একটি-দুটি গাছে রঙ ধরেছে। প্রহরশেষের রঙ। আমি অত গাছ চিনি না। আমার কাছে সবাই ম্যাপেল। হেমন্ত এদেশে রঙের ঋতু। পাতা ঝরানোর আগে প্রতিটি গাছ লাল, কমলা, সোনালীতে সেজে ওঠে। সেই রঙের উল্লাস দেখে বোঝার উপায় নেই এ খেলা বেলাশেষের। গোধুলীলগ্নে পরিপাটি সেজে বসে থাকা – সে আসবে। শুভ্র প্রসন্ন শীত। জীবনভোর জমানো সব রঙ নিবেদন তার কাছে। সে নতজানু হয়ে অপেক্ষা করবে তরুমূলে। শীতার্ত সম্মোহিত পাতাগুলো টুপটাপ ঝরে পড়বে তার কোলে। সাদা বালির মত নরম তুষারে ঢেকে যাবে পৃথিবী। ঝিলমিলে সূর্যের আলো সাতরঙা চাদর বিছিয়ে দেবে। তার নিচে শান্তিতে ঘুমোবে বাদামী ম্যাপেল পাতা।

এই নীল আকাশ, কাশের গুচ্ছ, সিলভার ম্যাপেলের পাতায় কমলা ছোপ সেই মোহন প্রীতমের আগমনী গাইছে। “তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর, তুঁহু মম তাপ ঘুচাও। মরণ তু আও রে আও।”

Friday, September 17, 2010

জুলিয়া

জুলিয়ার সাথে যে খুব ঘনিষ্ঠতা ছিল তা কিন্তু নয়। জুলিয়াকে যতদিন ধরে চিনি তার পঁচানব্বই শতাংশ সময়ই আমরা আলাদা টিমে ছিলাম। ও অ্যাকুইজিশন। আমি পোর্টফোলিও। এক প্রোজেক্টে কাজ করারও সুযোগ হয় নি সেভাবে। হলওয়েতে বা রেস্টরুমে দেখা হত। টুকটাক কথা। মাঝেসাঝে এক সাথে লাঞ্চেও গেছি। জুলিয়াকে চেনা এভাবেই। তাও কি করে জানি বন্ধুত্ব হয়ে গেল। কৃতিত্ব অবশ্য ওরই। এমন মিষ্টি মেয়ে – ভালো না বেসে উপায় নেই।

তখন অ্যান্টনি হবে। কাজের চাপ, শরীরের অবস্থা সব কিছু ভেবেচিন্তে আড়াই বছরের সোফিয়াকে রেখে আসা হল চায়নাতে ওর দাদু-দিদিমার কাছে। ক্যালেন্ডারের পাতায় যেমন পুতুলের মত সুন্দর বাচ্চাদের দেখা যায়, সোফিয়াকে দেখতে একদম তেমনটি। রেস্টরুমে দেখা হলেই জুলিয়ার মুখে তখন সোফিয়ার কথা – জানো, আজ আমার শাশুড়ি ফোন করে বলছে, সোফিয়ার কান বিঁধিয়ে দিলাম, তোমার আপত্তি নেই তো? ভাবো তো, আমার আড়াই বছরের সোফিয়া! ওইটুকু বাচ্চার কান বেঁধালো! আর তারপর কিনা আমাকে জিজ্ঞাসা করছে, আপত্তি আছে কিনা! আপত্তি থাকলেই যেন শুনতো! পরিষ্কার বুঝতে পারতাম সোফিয়াকে আদর করার জন্য জুলিয়ার মনটা ছটফট করছে। ঐ টুকু মেয়ে, কান বেঁধাতে গিয়ে না জানি কত কেঁদেছে। আমরা বলি, জুলিয়া, তুমি ওকে যেতে দিলে কেন? জুলিয়ার মুখ আরও ম্লান হয়। ইচ্ছে করে কি আর মা মেয়েকে ছাড়ে!

তারপর অ্যান্টনি হওয়ার পরেও তো তাকে নিয়ে গেল ওর দাদু-দিদিমা। সোফিয়া তখন ফিরে এসেছিল ওর মা-বাবার কাছে। জুলিয়ার সাথে তখন দেখা হলেই আই-ফোনে অ্যান্টনির ভিডিও দেখাত। এই দ্যাখো, অ্যান্টনির দুটো দাঁত গজিয়েছে। জানো ও কেমন ইন্টেলিজেন্ট! এখন থেকেই সবাইকে চিনতে পারে। কাল ভিডিও চ্যাট করছিলাম, আমাকে দেখে হেসেছে, জানো! আমার মনে হয় ও সোফিয়ার থেকেও তাড়াতাড়ি সব কিছু শিখে যাচ্ছে। সেকেন্ড চাইল্ডরা কি এই রকমই হয়?

তা’বলে ভাবার কোন কারন নেই জুলিয়ার মন সবসময় চায়নাতে পড়ে আছে। ভীষন কাজের মেয়ে জুলিয়া। কখনও অ্যাকুইজিশন নিয়ে কিছু প্রশ্ন থাকলেই জুলিয়ার কাছে গেছি। দেখেছি ওর কাজ কেমন পরিষ্কার, নিখুঁত ভাবে ডকুমেন্টেড। কর্পোরেট জগতে অনেকেই মুখে মিষ্টভাষী হলেও অন্যকে সাহায্য করাটা প্রতিযোগিতার পথে বাধা হিসেবে দেখে। জুলিয়ার মধ্যে সে ধরনের কোন মালিন্য ছিল না। মাসখানেক আগে আমাদের টিম আয়তনে বাড়লো। তখন জুলিয়া আমাদের টিমে এল ক্রেডিট লাইন অ্যাসাইনমেন্টে ওর ছ’বছরের এক্সপেরিয়েন্স নিয়ে। তখনই নিশ্চয় মনে মনে জানতো যে এই কাজ বেশিদিনের জন্য নয়। কারন, দুই সপ্তাহের মধ্যেই নোটিস এল জুলিয়া চায়নাতে ফিরে যাচ্ছে। ওর ননদের একটা ছোট গারমেন্টসের ব্যাবসা আছে। ওর বর ব্রায়ান ঠিক করেছে দেশে ফিরে গিয়ে বোনের সাথে ব্যাবসাটা বাড়াবে। জুলিয়াও তাই দেশে ফিরছে অ্যামেরিকার পাট চুকিয়ে, দুই ছেলে-মেয়ে নিয়ে, আট বছরের প্রবাসকে পিছনে ফেলে।

জুলিয়ার চলে যাওয়ার খবরে মন খারাপ করার সময়টুকুও পেলাম না। যতদিন জুলিয়ার জায়গায় নতুন কেউ না আসছে ততদিন ওর বেশ কিছু কাজ আমাকে দেখতে হবে। এর আগে লাইন অ্যাসাইনমেন্টে কাজ করি নি কখনও। একেবারে নতুন জিনিসপত্র। ভালো করে বোঝার আগেই হুড়মুড় করে গাদা খানেক প্রজেক্ট ঘাড়ে চেপে গেল। তখন আবার জুলিয়াকে চিনলাম। কি কাজ করতে হবে, কি রকম পড়াশোনা করতে হবে, এমনকি কি ভাবে ভাবা উচিত নতুন স্ট্রাটেজি নিয়ে – সবকিছু জুলিয়া আমাকে মোটে দু’সপ্তাহের ট্রেনিং-এ বুঝিয়ে দিল। একা আমাকে তো না। আমি আর মাইক – দুজনে মিলে ভাগ করে নেবো জুলিয়ার কাজ – দুজনকেই।

আজ ছিল জুলিয়ার শেষদিন। সকালে কফি নিয়ে ফিরছি, ওর কিউবের মানি প্ল্যান্টটার দিকে চোখ গেল। জিজ্ঞাসা করলাম, তুমি তো কেটে পড়ছো, মানি প্ল্যান্টটার কি হবে এখন? ও বললো, তুমি নেবে প্লীজ? – নিতে তো পারি। কিন্তু কি ভাবে পরিচর্যা করবো তা তো জানি না। - কিচ্ছু না, সপ্তাহে একবার জল দিও, তাহলেই হবে। নিয়ে এলাম জুলিয়ার মানি প্ল্যান্টকে নিজের কাছে। প্রথমবারের জলটা জুলিয়াই দিল নিজের হাতে। ওর কাছে শেষবারের মত। সব ফার্নিচার বিক্রি হয়ে গেছে। এখন মেঝেতে স্লিপিংব্যাগ পেতে শুচ্ছে ওরা। সোফিয়া বেচারি কিছুই বুঝতে পারছে না, লোকে কেন ওদের বাড়ি থেকে আজকে সোফাটা, কালকে খাটটা, পরশু টিভিটা নিয়ে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত যখন ওর গোলাপি রঙের মিনির ছবি দেওয়া ডিভিডি প্লেয়ারটাও একজন এসে নিয়ে গেছে তখন খুব কষ্ট পেয়েছে মেয়েটা। জুলিয়া বলছে, ওকে বললাম চলো আমরা চায়না যাই, তারপর আবার সব হবে আমাদের। সত্যি কি সব হয়! যেমনটি ছেড়ে যেতে হয় ঠিক তেমনটি কি আর কখনও ফিরিয়ে আনা যায়!

দুপুরে লাঞ্চ করলাম একসাথে। জুলিয়া শেষবারের মত মনে করিয়ে দিল, তোমার ফোনটা ইনসিওর করিয়েছ? বলা বাহুল্য, করাইনি। ভুলে মেরে দিয়েছি। আসলে ব্রায়ানের আই-ফোনটা ওদের গতবারের চায়না ট্রিপে হারিয়ে গেছে। এদেশে সার্ভিস প্রোভাইডারের সাথে কনট্রাক্টে থাকলে খুব সস্তায় ফোন পাওয়া যায়। কিন্তু কনট্রাক্টের বাইরে ফোনের ভীষন দাম। ব্রায়ানের ফোনে লস্ট অ্যান্ড স্টোলেন ইনসিওরেন্স ছিল না। তাই ফোন হারানোর পর ওকে প্রচুর দাম নিয়ে নতুন ফোন কিনতে হয়েছে। তারপর থেকেই জুলিয়া আমাদের বলে যাচ্ছে ফোন ইনসিওর করিয়ে নেওয়ার জন্য। আমি যথারীতি ল্যাদ খেয়ে যাচ্ছি। কিছুতেই করা হয়ে উঠছে না কাজটা। তবে এবারে করে ফেলতে হবে। জুলিয়া তো আর থাকবে না মনে করিয়ে দেওয়ার জন্য।

যাওয়ার আগে যেটা করল তার জন্য প্রস্তুত ছিলাম না। জুলিয়ার টেবিলে একটা বানি ছিল, একটা মিষ্টি মত খরগোস ছানা একটা ছোট ঝুড়ি ধরে আছে বুকের কাছে। ঝুড়িটাকে পেনস্ট্যান্ড বা সেল-ফোন হোল্ডার হিসেবে ব্যাবহার করা যায়। জুলিয়ার কাছে যখনই যেতাম বানিটার লম্বা লম্বা তুলতুলে কানে একটু আদর করে দিয়ে আসতাম। বেলা তিনটে নাগাদ, জুলিয়ারই কাগজপত্রগুলো তখন আরেকবার রিভিউ করছি, জুলিয়া এল আমার কিউবে। - শুচি, তুমি আমার বানিকে রাখবে? যখন প্রথম ইউ এসে এসেছিলাম, সেই ২০০২ থেকে এই বানিটা আমার কাছে আছে। তুমি নেবে একে? – অনেকদিন এতটা আবেগতাড়িত হই নি। আমি তো এর যোগ্য নই। তোমার আট বছরের প্রবাসকে তুমি আমার হাতে তুলে দিচ্ছো জুলিয়া! কিছুই বলতে পারলাম না। চুপচাপ হাসলাম শুধু।

তারপর আর কি! আমার ডেস্কে গ্যাঁট হয়ে বসে আছে জুলিয়ার বানি। আমি ভাবছি আমাকেও একদিন দিয়ে যেতে হবে কাউকে। এভাবেই তো চলে রিলে রেস। এভাবেই তো বৃত্তটা ক্রমশ বাড়তে থাকে। আর ছড়িয়ে পড়তে থাকি পরিধি জুড়ে। কেন্দ্র থেকে অনেক দূরে। অথচ তাও কেমন হাতে ধরা থাকে হাত!

Thursday, September 16, 2010

অবান্তর কথামালা - ৬

এতো জানাই ছিল, নাকছাবিটা হারিয়ে যাবে। গমের ক্ষেতে খুঁজবে তাকে সারা বিকেল। হাঁটতে হাঁটতে যেই ভাবছ সূর্যকে ছুঁয়ে ফেলেছি বুঝি, অমনি আকাশ কালো করে রাশি রাশি কাক উড়ে আসে। ডাইনে বাঁয়ে সামনে পিছে – ঠোকরায়, খুবলে নিতে চায় চোখ। তাড়াতে তাড়াতে তোমায় পাঠিয়ে দিল ফ্রেমের বাইরে।

নাকছাবিটি আটকে আছে গমের শীষের ফাঁকে। শেষ বিকেলের লালচে আভায় টলমল। রাত্রি নামলে সন্ধ্যাতারাটি হয়ে অপলক চেয়ে আছে তোমার দিকে...

Wednesday, September 15, 2010

অবান্তর কথামালা - ৫

এভাবেই শব্দেরা ঝরে। ন্যাড়া ছাদে, লাট খাওয়া ঘুড়ির মত চুপচাপ রোদ খায়। নড়ে চড়ে। কথা বলে ফিসফাস, নিজেরাই নিজেদের সাথে।
কবেকার খড়কুটো, কার্নিসে জমে থাকা ভয়, অসময়ে পিছু ডাক, আঁচড়ের দাগ, মায়াময় - বাঁধা ছিল আঁচলের খুঁটে।
এভাবেই শীতবেলা মরে।
তার অশেষ কাঁথাকানি। লাল-নীল পাড় ছেঁড়া সুতো। টুপটাপ ফোঁড় তোলে। ভাসমান বিহানবেলায়। অকারণ বিষাদে ও জ্বরে।

Tuesday, September 14, 2010

অবান্তর কথামালা - ৪

মাঝরাতে ঘুম ভেঙে যায়। অল্প অল্প শীত করে। পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখি বৃষ্টি নেমেছে। বাতিদানের তলায় জলকণাগুলোকে একটি একটি করে গোনা যায়। শান্ত নিরুত্তাপ বৃষ্টি। নিশ্চুপ রাত। থুম মেরে ভিজছে। শার্সী তুলে দিই। ভিজে হাওয়াতে ঘর ভরে যায়। গুটিসুটি মেরে বসে থাকি। বৃষ্টি পড়ে। পড়েই যায়।

সন্ধ্যাবেলায় অনেক তারা ফুটেছিল। এখন আকাশের রঙ লাল। ব্লটিং কাগজের মত ধেবড়ে গেছে এদিক ওদিক। তারাগুলি ঝরে পড়ছে অবিশ্রাম। বাদল হাওয়ায় স্যাঁতস্যাঁতে কাগজের মত নত হয়ে বৃষ্টি ধরি। নক্ষত্ররা মুছে যায়।

Sunday, August 22, 2010

অবান্তর কথামালা - ৩

আমার খুব ইচ্ছে করছে কিছু লিখতে। কিন্তু আমার মনে কোন ভাবনা নেই – ব্লটিং পেপারের মত নিদাগ। কবিতা লিখব ভাবি। শব্দেরা দেখা দিয়েই পালিয়ে যায়। তাদের গাঁথা যায় না। ধরা যায় না। ইচ্ছে হয় চাবুকের মত গদ্য লিখি। আমার তূণে কোন অস্ত্র নেই। আমার খিড়কি দোরে দিন শেষের আলো তেরছা ভাবে বিছিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে আছি অসহায়। চাকা বসে যাওয়া সৈনিকের মত। দিন বয়ে যায়। দিন বয়ে যায়। আমার লেখা হয় না। কতিপয় শব্দ নিয়ে নাড়াচাড়া করি শুধু। সামনে আনি, পিছনে আনি। সাজাই গোছাই। পণ্ডশ্রম খালি। একটি লাইনও তার পূর্ণ রূপ নিয়ে আমার সামনে মুখোস খোলে না।

চাকা বসে যাওয়া সৈনিকের মহাভারতীয় উপমা হঠাৎ কেন মনে এল কে জানে! আমার ছোট থেকেই বীরপূজায় মন। মহাভারতেও আমি অর্জুনকেই ভালোবেসেছি। কর্ণের পরিণতি নিয়ে ভাবি নি কখনও। কর্ণকে প্রথম ভালো লেগেছিল পিটার ব্রুকের মহাভারত দেখে। কৃষ্ণাঙ্গ অভিনেতার ঘন কালো চোখ – এক বুক শূন্যতা নিয়ে সেই চোখ তাকিয়েছিল – কিসের দিকে – শূন্যতার দিকেই বোধহয়। দেখার মত আর কিই বা ছিল! সেই চোখ দেখে প্রথম কর্ণের কথা ভাবলাম। পিটার ব্রুকের মহাভারতে আবহসঙ্গীত ভারী সুন্দর। শর্মিলা রায় পোমোর গাওয়া – “অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে”। আজ মনে হচ্ছে এই গান বোধহয় কর্ণের কথা, দ্রৌপদীর কথা, যুধিষ্ঠিরেরও কথা। কিন্তু অর্জুনের কথা কি? তার কি অন্তর নিয়ে বিশেষ মাথাব্যাথা ছিল? সে তো সারাজীবন ধরে নিয়মনিষ্ঠ সৈনিক, নিয়মনিষ্ঠ সন্তান, নিয়মনিষ্ঠ ভাই; এমন কি তার প্রেমও নিক্তিমাপা। বস্তুত তার চেয়ে দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষ মহাভারতে দ্বিতীয়টি নেই। পরিবারের পাশে দাঁড়ানো, ভাইদের রক্ষা করা – এই তার জীবনের স্থির উদ্দেশ্য। কাম, ক্রোধ, লোভ, মোহ – কিচ্ছুটি তাকে স্পর্শ করে না। এমনকি অনুশোচনাও নয়। সে যেন মানুষ নয়, যেন প্রোগ্রাম করা একটি অ্যান্ড্রয়েড।

যুধিষ্ঠির নিজেকে নিয়ে বারবার বিপর্যস্ত হয়েছে। সে রাজা হতে চায় নি, তবু রাজা হওয়ার দায় তার। আচারে সে ক্ষত্রিয়, যদিও তার মনটি ব্রাহ্মণের, পড়ুয়ার। আবারও ঋণ পিটার ব্রুকের কাছে। ধর্মের সাথে কথোপকথনের দৃশ্যটি না দেখলে হয়ত যুধিষ্ঠিরের স্বরূপ এভাবে বুঝতাম না। সারাজীবন তাকে নিজের বুদ্ধি আর ভবিতব্যের সাথে যুদ্ধ করে যেতে হল। এদিক দিয়ে সে কর্ণের সাথে তুলনীয়। “দেখিয়াছি শান্তিময় শূন্য পরিণাম” – দুজনেই দেখেছিল। আর দেখার পরেও তার কাছে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল। তাই আড়াই হাজার (কি জানি মহাভারতের সঠিক বয়েস কত! এ নিয়ে তো অনেক দ্বিমত আছে) বছর পরের পাঠকের চিন্তায় তারা বারবার ফিরে আসে। “অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয় – আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে। আমাদের ক্লান্ত, ক্লান্ত করে”- যতবার উচ্চারণ করি এই দুটি লাইন, যুধিষ্ঠিরকে মনে পড়ে, মনে পড়ে কর্ণের শূন্য দৃষ্টি। কিন্তু অর্জুন? সে জন্ম থেকেই একটি বলিপ্রদত্ত পবিত্র পশু। মাংস, শুধু মাংসের জন্য বড় করা। ভরণ-পোষন, যত্ন-আত্তি, সোহাগ-আহ্লাদ – সব কিছুই শেষের দিনটির কথা মনে রেখে। আর সেও উৎসর্গ হওয়াতেই জীবনের চরম সিদ্ধি জেনে এসেছে। শুধুমাত্র অভিমন্যু বধের সন্ধ্যাটুকু ছাড়া আমরা অর্জুনকে কখনও উত্তেজিত হতে দেখি না। একমাত্র ঐ খণ্ডমূহুর্তে তাকে মানুষ মনে হয়। বাকি জীবন ধরে সে ধর্মাচরণের মত যুদ্ধবৃত্তি করে গেছে। যদি বা কিছু সংশয় ক্কচিৎ কদাচিৎ ছায়া ফেলেছে মনে, তার প্রবল কর্তব্যবোধের সামনে তা খড়কুটোর মত ভেসে গেছে। মহাভারতের সব চেয়ে বড় বীর – সব চেয়ে তুচ্ছ বোড়ের মত জীবন তার। কর্ণ নয়, যুধিষ্ঠির নয়, দ্রৌপদী নয় – মহাভারতকার সব চেয়ে বড় ফাঁকিবাজিটা তার সাথেই খেলেছেন। অন্তরের মাঝে যে অন্তরতর – যার সন্ধান কর্ণ পেয়েছে তার হতাশা দিয়ে, যুধিষ্ঠির পেয়েছে বিপন্নতা দিয়ে, দ্রৌপদী পেয়েছে ক্রোধ দিয়ে, এমনকি ভীম, যে ভীমকে তামসিক মানুষ বলেই জানি, সেও তাঁকে ছুঁয়েছে তার প্রেম দিয়ে – সেই অন্তরতর-র আভাসটুকুও অর্জুনকে দিলেন না মহাভারতকার। মানুষের জীবনে এর চেয়ে বড় বঞ্চনা আর কি হতে পারে!


পিটার ব্রুকের মহাভারতঃ
যুধিষ্ঠির ও ধর্মঃ http://www.youtube.com/watch?v=uiMpjoL5Yws&feature=related
অন্তর মম বিকশিত করঃ http://www.youtube.com/watch?v=JpaT14XddKk&feature=related
শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ http://www.youtube.com/watch?v=IGvpq6vV3lI&feature=related

Sunday, August 15, 2010

সাত বুড়োর দেশ

আজ পনেরোই অগাস্ট। যদিও আমার কোন দায় নেই স্বাধীনতা দিবসের দিন ডায়েরী লিখতে বসার, তবু আজ রবিবার, হাতে কিছু উদ্বৃত্ত সময়, তাই কাটলাম নাহয় কিছু আঁকিবুকি। নাহ, আজ সারাদিনে একবারও ‘জনগনমন’ বা ‘বন্দেমাতরম’ শুনি নি। বরং দিন কেটেছে ষাট দশকের স্বাধীনতায় উন্নয়নের অগ্রগতির কিছু পরিসংখ্যান দেখে। তাতে মন বিক্ষিপ্তই হয়েছে বেশী। তবু দিনের শেষে আমার খিড়কি দোরের সিঁড়িটিতে বসতেই নাকে ভেসে এল বাপুজী কেকের গন্ধ। প্রভাতফেরী, পতাকা উত্তোলন, ‘যেদিন সুনীল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ’ আর ফেরার পথে একটি কাগজের বাক্সে গোটা দুই দানাদার, একখানি বাপুজী কেক – এই তো আমার স্বাধীনতা দিবস! যখন ক্লাস নাইনে পড়ি, পনেরোই অগাস্টের দুপুর বেলায় ডিডি টু-তে দিল তামিল ছবি ‘রোজা’। ‘রোজা’র হিন্দী ভার্সান তখন রমরম করে চলছে। কিন্তু আমাদের ঘোরতর রাবীন্দ্রিক বাড়িতে হিন্দী মানেই অপসংস্কৃতি। দেশপ্রেমের ছুতোয় সেবারের পনেরোই অগাস্টে আমার অপসংস্কৃতিতে হাতেখড়ি হয়ে গেল। খোলা আকাশের নিচে মধু গাইছে – ‘ইয়ে হাসিন ওয়াদিয়া, ইয়ে খুলা আসমান’ – আহ, সে কি মুক্তি! রাবীন্দ্রিক রক্ষণশীলতা থেকে মুক্তি, নব্বই দশকের হিন্দী সিনেমার স্থবিরতা থেকে মুক্তি, সুরের মুক্তি! এরই কি নাম স্বাধীনতা?

স্বাধীন অবশ্য হলাম তার পরের বছরেই। সেই যে পনেরো বছর বয়েসে বাড়ি ছেড়ে বেরোলাম, আর তো ফেরা হল না। কলকাতা, মুম্বই, দিল্লী, অ্যামেরিকা – যে বয়সে বাড়ি ছেড়েছি আরো ততগুলি বছর পেরিয়ে গেছে। এখন আর দেশ বলতে কোন নির্দিষ্ট ভৌগলিক বৈচিত্র, কিছু বিশেষ মুখের সারি মনে ভাসে না। পাসপোর্টে যে দেশের ছাপ আছে, সেই ভূখন্ড তো দেশ বটেই; কিন্তু ঠিক ততটুকুতেই সে সীমাবদ্ধ নয়। যেখানে জীবনের অর্ধেকটা কেটেছে, আমার সেই মফস্বল, সেই রেললাইন, কচুরীপানায় ঢাকা সেই সবুজ পুকুর – মনের ভেতরে ছবিটা এখনও অক্ষুণ্ণই আছে। আমার এই সিঁড়িতে বসেই দিব্যি দেখতে পাই পঞ্চাননতলার শিব-মন্দিরে ফাটল ধরেছে, বৈদ্যবাটী খালের সবুজ জলে ছায়া ঘনাল, চারুশীলা বসু বালিকা বিদ্যালয়ের সামনে উদাসীন প্রেমিকদের সাইকেল বিলাস। দেখতে পাই সন্ধ্যা নামছে আমার মুখচোরা মফস্বলে। শেওড়াফুলি হাটের কাছে তেলেভাজা আর ঘাম মেশানো ঝাঁঝালো গন্ধ। সিদ্ধেশ্বরী মন্দিরে কাঁসরের আওয়াজ। স্টেশনের কাছে নিষিদ্ধ পল্লিতে কূপী হাতে দাঁড়ানো কিছু কালো মেয়ে। এদের সকলকে নিয়ে আমার প্রথম পনেরোটা বছর। গরমের সন্ধ্যায় গা ধোয়ার পর প্রতিটি বাড়ি থেকে কেমন একটা ঠান্ডা আমেজ ছড়ায়, বেলফুলের গন্ধ ভেসে আসে, রিকশাওয়ালা জোরে হর্ণ বাজায় অফিস-ফেরত সওয়ারী নিয়ে, আর তারই মধ্যে ঝপাং করে লোডশেডিং হয়। আকাশের লুকিয়ে থাকা তারাগুলি জেগে ওঠে। সাতটি বুড়ো, মনে যাদের অনন্ত জিজ্ঞাসা, যাদের প্রথম দুজনকে অনুসরণ করলেই ধ্রুবতারাটির খোঁজ পাওয়া যায়, সেই পনেরো বছর থেকেই তাঁরা আছেন আমার সাথে। তাই দেশকে ছাড়লেও দেশ আমায় কখনও ছাড়ে না।

লেডি ব্রাবোর্নের হোস্টেলে আজানের শব্দে ঘুম ভেঙে যায়। আমি আমার একটেরে ঘরটির জানলা দিয়ে সাত বুড়োকে দেখতে পাই। ছিয়ানব্বইয়ের বিশ্বকাপে ভারত একটার পর একটা উইকেট খোয়ায়, ডাইনিং রুমের টিভি বন্ধ করে আমরা মেয়ের দল হোস্টেলের মাঠে খোলা আকাশের নিচে বিষন্ন পায়চারী করি। তখন কত অল্পেতেই কত দুঃখ! তারপর টুয়েলভের ফেয়ারওয়েলের দিন গভীর রাতে অমৃতাদি গাইলো – ‘এই শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে চাই, তবু সে আসে আমার পিছু পিছু’ – আমি শিউরে উঠে বুঝলাম অজান্তেই কখন কলকাতা ‘আমার শহর’ হয়ে উঠেছে। আমি আর শুধু বৈদ্যবাটির মেয়ে নই। কলকাতা মিশেছে আমার মধ্যে। হাজরা মোড়ে বাসের অপেক্ষা, কলেজ স্ট্রীটে পুরোনো বই ঘাঁটা, রবীন্দ্রসদনের আড্ডা, বৃষ্টিভেজা রেড রোড – সব যেন আমার সিগারেট ঠোঁটে চাপা নিরুত্তাপ প্রেমিক, নির্নিমেষ চেয়ে আছে আমার দিকে, ভাবটা এই – যাবি কোথায় আমায় ছেড়ে!

কিন্তু তার অখণ্ড অধিকারকে উপেক্ষা করেই একদিন চলে গেলাম মুম্বই। সেই প্রথম বাংলার বাইরে। জায়গাটা ভারতের ম্যাপের মধ্যে থাকলে কি হবে, এ আমার দেশ নয় – এমনটাই মনে হয়েছিল প্রথমে। অন্য ভাষা, অন্য সংস্কৃতি, অন্য খাদ্যাভ্যাস – এ তো কিছুতেই আমার হতে পারে না! রোজ নিয়ম করে ফোন যেত বাংলা দেশে, রাত এগারোটার পর যখন এস টি ডির চার্জ এক তৃতীয়াংশ হত। পড়াশোনা শেষ হলেই বাড়ি ফেরা – এমনটাই জানতাম। এর মধ্যে একদিন গেলাম মাথেরনে। আহ! সে কি বৃষ্টি! পশ্চিমঘাট সবুজে সবুজ। পায়ের তলায় মাটি গলে যাচ্ছে। ওরই মধ্যে চুপ্পুর ভিজে আমরা পাহাড়ের মাথায় চড়ার চেষ্টা করছি। জোরে জোরে আবৃত্তি করছি – ‘শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো? আকাশের গায়ে নাকি টক টক গন্ধ, টক টক থাকে নাকো হ’লে পরে বিষ্টি, তখন দেখেছি চেখে একেবারে মিষ্টি’ – মনে ভাসেন সুকুমার রায় আর সেই তুমুল বৃষ্টিতে আপ্রাণ বোঝার চেষ্টা আকাশটা সত্যিই তাল-মিছরির পানা হয়ে ঝরছে কি না! এবং আবারও বড় বিস্ময়ের সাথে আবিষ্কার, পৃথিবীর শ্রেষ্ট বৃষ্টি বাংলা দেশে নয়, এই পশ্চিমঘাটেই হয়। তখনও কি একে নিজের দেশ নয় ভেবে দূরে রাখতে পারি! বিশেষ করে সেই সাত বুড়ো যখন সেখানেও সঙ্গী আছেন, শেষ রাতে পাওয়াই লেকের ধারে একাকী পদচারনায়!

তাঁরা আমার সাথেই দিল্লী এলেন। রাজধানী শহর। অন্ধকারেরও শহর। সে আমার মনের অন্ধকার, না শহরটির অন্ধকার – তা জানি না। সেই শহরেই প্রথম অর্থনৈতিক স্বাধীনতা। আবার সেই শহরেই জীবনযাপনের অনিবার্য পরাধীনতাগুলোর সাথে প্রথম পরিচয়। নিজেকে বদলানো, সভ্যতার খাতিরে, কর্পোরেট জীবনের খাতিরে। এককাপ কফির জন্য পঞ্চাশটাকা দাম দিয়েও মুখের পেশী একফোঁটাও বিকৃত না করার আভিজাত্যের শিক্ষা এই শহরেই প্রথম হল। এই শহরেই প্রথম দেখলাম মানুষ কি ধরনের পরিবহন ব্যবস্থা ব্যবহার করছে তার প্রেক্ষিতেই কেমন সহজ হিসেবে তার সামাজিক অবস্থান নির্ণয় করা যায়। অনেকরাত হত বাড়ি ফিরতে। একদিন দেড়টা ছাড়িয়ে গেল। বাড়ি ঢুকতে গিয়ে দেখি আমার রক্ষণশীল পাঞ্জাবী বাড়িওয়ালী উদ্বিগ্ন মুখে গেটের কাছে দাঁড়িয়ে আছেন। আঙ্কেল ঘর-বার করছেন। আমাকে দেখে তাঁদের যে স্বস্তির নিশ্বাসটা পড়ল, সেই একটা নিমেষে এই শহরটাও কেমন নিজের হয়ে গেল। তারপরেও কমলানগর মার্কেটে সুযোগসন্ধানীর হাত থেকে নিজেকে বাঁচাতে হয়েছে, তারপরেও অটোওয়ালা ঠকিয়েছে, তারপরেও এই শহর তার স্থূলতা প্রকট করেছে বারবার, কিন্তু সেই সাত বুড়োকে আবার আমি দেখতে পাচ্ছিলাম নিয়মিত, আমার চিলেকোঠার বারান্দা থেকে।

তারপরেতে সাত-সমুদ্দুর, তেরো নদীর পার, খুকু এবার সত্যি করেই দেশের হল বার! আবারও যথারীতি ভেবেছি, এই তো, বছর দুয়েক থাকবো মোটে, তারপরেতেই পড়া হবে শেষ, ফিরবো নিজের দেশ। যেমনটা ভেবেছিলাম মুম্বইতে, যেমনটা দিল্লীতে, ঠিক তেমনটাই অবিকল। শুধু এবারে দেশের ধারনাটা অন্যরকম। কলকাতায় ছাত্রাবস্থায় বাড়ি বলতে বুঝতাম বৈদ্যবাটি। মুম্বই-দিল্লীতে থাকাকালীন দেশ মানে কলকাতা, তখন আর বৈদ্যবাটি ফেরার কথা ভাবি না। আর পৃথিবীর অপর পিঠে বসে দেশকে ভাবলে গোটা ভারতকেই দেখতে পাই। ভারত যেন একটা ট্রেন। সেকেন্ড ক্লাস স্লীপারের কামরা। বেশ নোংরা, চিনে বাদামের খোলা ছড়িয়ে আছে মেঝেতে, এক বিকলাঙ্গ নুলো ছেলে ঝাঁট দিচ্ছে। পয়সা চাইছে জনে জনে। কেউ আধুলী ছুঁড়ে দেয়, কেউ উদাসীন – না দেখার ভান করে তাকিয়ে আছে জানলার বাইরে। বাইরে প্রচন্ড গরম, লু আসছে জানলা দিয়ে। মানুষের কিন্তু তাপ-উত্তাপ নেই। ওরই মধ্যে পুরী-সবজী চলছে, তাস চলছে, জমি-বাড়ি-প্রপার্টি চলছে, ভিখিরির ইনিয়ে-বিনিয়ে গান চলছে, এফ-এমে বলিউডি লাস্য চলছে। আর মাঝে মাঝে এসবের থেকে চোখ সরানোর অবকাশ মিললে দেখা যাচ্ছে চলার দুই পাশে সঙ্গী আছে হলুদ-সবুজ ধানক্ষেত, তিরতিরে রূপোলী নদী, ইউক্যালিপটাসের বন, গোধূলীর অস্তবেলায় জন্ম নেওয়া একফালি শীর্ণ চাঁদ। এবং আবারও সেই সাত বুড়ো। যারা এই ভিনদেশে এসেও আমার সঙ্গ ছাড়ে নি। প্রাথমিক আড়ষ্টতা কাটিয়ে ওঠার পর দেখেছি এদেশের মানুষও গ্রহন করছেন দেশীয় সহজতায়। গত শীতে ভারতে হপ্তাতিনেক কাটিয়ে এদেশে ফিরছি। শিকাগোতে যখন নামলাম তখন তাপমাত্রা মাইনাস তিরিশ। শাটল বাসে করে ব্লুমিংটনের পথে। দেখি সাদা বালির মত মিহি তুষারকণায় শেষ সূর্যের লাল আভা গলে পড়ছে। আহ! শীত তো এমনই হওয়া উচিত। এমন সাদা, এমন প্রশান্ত, এমন আত্মভোলা। হঠাৎ খেয়াল হল বাড়ির জন্য মন কেমন একেবারেই নেই। মরমে মরে গেলাম। আমি কি দ্বিচারিনী! সন্ধ্যা নামে। টালমাটাল মন নিয়ে বাইরে তাকাই। তারাভরা আকাশে সাত জিজ্ঞাসু সেই একই রকম অনন্ত প্রশ্নের খোঁজে বিভোর। ‘যে নাহং নামৃতাস্যাং, কি মহং তেন কুর্যাং’? যে অমৃতের সন্ধান শুরু হয়েছিল পশ্চিম বাংলার একটি মফস্বলে তাকে এখানেও অব্যাহত দেখতে পাই। ভিনদেশের আকাশও এই ভাবেই নিজের আকাশ হয়ে ওঠে। বৈদ্যবাটির সূর্যাস্ত আর ব্লুমিংটনের সূর্যাস্তে বিশেষ তফাৎ খুঁজে পাই না। খুব সাধ হয় একবার দক্ষিণ গোলার্ধে যাই। শুনেছি সেখানে আকাশ অন্যরকম। একবার যদি সেখানে গিয়ে দাঁড়াতে পারি, যদি একবার সেই আকাশকেও নিজের মনে গেঁথে নিতে পারি, যদি পৃথিবীর যে কোন প্রান্ত হতে উপরের দিকে চাইলেই সবকটি তারা আমার দিকে চেয়ে হাসে, সেদিন কি পরিক্রমা শেষ হয়? সেদিন কি আসে স্বাধীনতা?

Friday, August 13, 2010

আবার বৃষ্টি...

আচ্ছা বলো, আছেটা কি বৃষ্টি ছাড়া?
গুমোট ছিল অভিমানী মেঘলা দুপুর
সারা বিকেল গান শুনেছি মনখারাপী
ঘুম ভাঙালো পাল্লা ভাঙা দমকা হাওয়া

তুমিই বলো, ঠেকাই তাকে সাধ্যটা কি?
তারপরেতেই ধুলোয় ভরে সমস্ত ঘর
উঠোন জুড়ে দাপিয়ে বেড়ায় পাগল ছেলে
বর্শা ফলায় গাঁথছে আমায় শিকার-পটু
বলো আমায়, কিই বা থাকে বৃষ্টি ছাড়া?

Thursday, August 12, 2010

অবান্তর কথামালা - ২

পথে শব্দ গড়ায়
আমি ছন্দে গাঁথি
ঝরে বিষাদ কণা
আমি আঁজলা পাতি

যত জমাট বিষাদ
চাপা রক্তক্ষরণ
আমি লাগাই পালিশ
করি স্ট্রীট-স্মার্টায়ন

কিছু পালিশ চটক
আর আলগা বাহার
আমি সন্ধ্যা গানে
সঁপি কথার পাহাড়

জানি গানের পারে
তুমি দাঁড়িয়ে আছো
ওহে আলোর পোকা
তুমি সুরেই বাঁচো

আমি সুর অচেতন
করি শব্দ জড়ো
ভিতু গায়ন-বিমুখ
শুধু অঙ্কে দড়


[মারাত্মক শ্রীজাত প্রভাব]

Wednesday, August 11, 2010

অবান্তর কথামালা - ১

পাকিস্তানে বন্যায় দেড় কোটি লোক ঘর ছাড়া। চীনে প্রবল বৃষ্টিতে ল্যান্ড স্লাইড। কম করে হাজার মানুষ মারা গেছে। তিন দিন আগে লেহ-তে ক্লাউড বার্স্ট হয়ে চারখানা গ্রাম ভেসে গেল। আর আমি কাল বৃষ্টি নিয়ে পদ্য লিখেছি। আজকাল কিছুতেই কিছু এসে যায় না। পাশের বাড়িতে আগুন লাগলেও বোধহয় একবার উঁকি দিয়ে কৌতুহল নিভিয়ে ইউটিউবে ভিডিও দেখতে পারি। আজকাল কোন খবরেই বিচলিত হই না। কাকার স্ট্রোক। বেশ। দিদা মরে গেল। বেশ। ছোটবেলার খেলার সাথী উঞ্ছবৃত্তি করে বেড়াচ্ছে। বেশ। প্রেমে লাথি খেয়ে পাড়ার মেয়েটার নার্ভাস ব্রেকডাউন। বেশ। ক্লাস এইটের ছেলেকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিল। বেশ। সবই বেশ। কফি খেতে খেতে, প্রসাধনী মাখতে মাখতে মুচমুচে খবর। পদ্মপাতায় জল। দু’মিনিটের জন্য টলমল করে। তারপরেই কোথায় গড়িয়ে যায় – খোঁজ রাখি না। কিচ্ছুটি ছাপ ফেলে না। কিচ্ছুটি না। এসব নিয়ে লিখতেও আমার ঘেন্না করে। নিজেকে চুড়ান্ত অসৎ মনে হয়। এর চেয়ে ‘আমি-তুমি-তুমি-আমি’ প্রেমের পদ্য লেখা ভালো। সেখানেও অসৎ। তবু এতখানি লজ্জায় ফেলে না সেটা। আর মনটাও ভারী ফুরফুরে হয়। দিব্যি ফানুস হয়ে ভেসে বেড়ায়। মাটির টান থাকে না। কোন দায় থাকে না। এক ফোঁটাও আওয়াজ পৌঁছয় না। বেশ মনোরম এই আকাশ-বিহার।

Tuesday, August 10, 2010

বৃষ্টি, সুমন, কাঙাল, প্রথমশহর ও কিছু গেঁজে যাওয়া নস্টালজিয়া

বৃষ্টি আমার পুরোনো রোগ, নতুন কথা কি আর লিখি?
তাই বা কেন, এ পাতাও তো রোমন্থনের প্রাত্যহিকি!
আজকে কেমন সকাল থেকেই মেঘ করেছে আকাশজুড়ে
আঁকড়ে বালিশ, পদ্য লিখি, পি-পু-ফি-শু হদ্দ কুঁড়ে।
এমন দিনে সুমন গানে আসছে মনে প্রথম শহর –
প্রথম সাঁতার, প্রথম চেনার, প্রথম ডোবার তীক্ষ্ণ প্রহর!
প্রথম রাগের, পরাজয়ের, বিপন্নতার প্রথম রেখা,
নিরুদ্দেশে প্রথম সফর, প্রথম বারের আয়না দেখা!
আরো অনেক প্রথম আমার দাঁড়িয়ে আছে পথের বাঁকে –
অপেক্ষাতে জমছে আষাঢ়, নিকোটিনে, ক্লাসের ফাঁকে।
সুমন শেখান নিমেষ ছোঁয়ার বাউন্ডুলে কাঙালপনা
অকাল মেঘে ভাসুক শহর, শিরায় নাচুক বৃষ্টিকণা!

Saturday, August 7, 2010

The Crows

আমি খুব লেট লার্নার। বাঙালী হবু আঁতেলরা যা সতেরো থেকে একুশের মধ্যে করে ফেলে আমি তা তিরিশে করি। আমি এখন কুরোসাওয়ার ‘ড্রিমস’ ছবিটি দেখছি। এখনও শেষ হয়নি। কিন্তু আমাকে এখনই লিখতে হল। কারন পাঁচ নম্বর ছবিটা – ‘দ্য ক্রো’স’ নিয়ে আমি ব্লগ লিখেছিলাম এপ্রিল মাসে। তখন অবশ্য জানতাম না ভ্যান ঘঘের এই ছবিটা – ‘Wheatfield with Crows’ নিয়ে কুরোসাওয়াও ছবি করেছেন। আগেই বলেছি – আমি নেহাতই মূর্খ। আমি ছবিটা প্রথম দেখি ইন্টারনেটে। আসলটা আছে অ্যামস্টারডামে। লোকে ভাবতে ভালোবাসে এই ছবিটা আঁকার পরই ভ্যান ঘঘ আত্মহত্যা করেন, যদিও সেটা সত্যি নয়।

ছবিটা এমন ভাবে ডাকত... শেষ পর্যন্ত একটা প্রিন্ট কিনে এনে নিজের ঘরের দেওয়ালেই লাগিয়ে দিলাম। কতবার এই ছবির দিকে সম্মোহিতের মত তাকিয়ে থেকেছি! আজ জানলাম কুরোসাওয়ার স্বপ্নেও আসত এই ছবি। একটি লোক গ্যালারীতে বসে ছিল। তারপর সে ছবির মধ্যে ঢুকে গেল। যে ছবিটা দিয়ে ঢুকল সেটা আমার চেনা নয় – একটি ব্রিজের নিচে কিছু মেয়ে কাপড় কাচছে – পরে নাম খুঁজে পেলে লিখে দেব। ছবির রাস্তায় লোকটা ভ্যান ঘঘকে দেখতে পায়। কিন্তু সেই পাগলের সাথে পাল্লা দিয়ে পথ চলা কি সাধারণ মানুষের কাজ! যথারীতি হারিয়ে ফেলে তাকে। তারপর এ ছবি, ও ছবি – অনেক ছবি ঘুরে সে আসে এই পাগলাটে হলুদ গমক্ষেতে। ভিনসেন্ট সেখানে হনহন করে হেঁটে যাচ্ছেন দিগন্তের দিকে। তারপরই চারদিক থেকে অসংখ্য কাক এসে সব কিছু ঢেকে দিতে থাকে। আমি কখনও বুঝতে পারি না কাকগুলো কোন দিকে আসছে – আমার দিকে, নাকি ভিনসেন্ট যেদিকে গেলেন সেই দিকে! এবারেও বুঝতে পারলাম না। বারবার দেখলাম। ঘুরিয়ে, ফিরিয়ে, স্ক্রিন ফ্রিজ করে। কিন্তু কাকগুলো কেন এসেছে, কি চায়, কোনদিকে উড়ছে তা এবারেও বুঝতে পারলাম না! অথচ জানি, আমি আবারও তাকিয়ে থাকব ছবিটার দিকে ঘন্টার পর ঘন্টা। কাকেরা কোথায় যেতে চায় না জানা পর্যন্ত আমার শান্তি নেই।

Monday, August 2, 2010

ভ্যান-তারা

কাল অয়দিপাউসকে নিয়ে আঁতলামী করে ডায়েরী লিখলাম। সেটা পড়ে রাজাদাদা আমাকে এই গানটা দিল।
"এই যে হেরিলে চোখে অপরূপ ছবি
অরুণ গগনতলে প্রভাতের রবি
এই তো পরম দান, সফল করিল প্রান,
সত্যের আনন্দরূপ, এই তো জাগিছে
ক্ষত যত, ক্ষতি যত মিছে হতে মিছে,
নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে পিছে"

এই গানটা ভাবতে ভাবতে আমার ষোলো বছর আগের একটা দিনের কথা মনে পড়ে গেল। তখন আমি প্রথম বড়দের বই পড়ছি। বাড়িতে লুকিয়ে, অন্য বই-এর ভাঁজে – বুদ্ধদেব গুহ-র ‘সবিনয় নিবেদন’। মানুষের স্মৃতি কি অদ্ভুত! নিষিদ্ধ জগতে প্রথম পা রাখার সেই গোপন উত্তেজনা এখন আর কিচ্ছু মনে নেই। কেমন ছিল গল্প, কি হয়েছিল – সেসব কিচ্ছু না। শুধু কি করে জানি মনে থেকে গেছে – কোন একটা সময়ে মেয়েটা খুব বিভ্রান্ত ছিল, তখন লোকটা ওকে চিঠিতে লিখেছিল – মনে মনে এই দুটো লাইন বার বার গাইবে, গাইতেই থাকবে যতক্ষণ না বাকি সব ভুলে যাও –
“হৃদয়ে তোমার দয়া যেন পাই
সংসারে যা দিবে মানিব তাই
হৃদয়ে তোমায় যেন পাই”

ষোলো বছর আগে এই গানের মানে নিশ্চয়ই বুঝি নি। তখন যাবতীয় ‘মেনে নেওয়া’র প্রতি তীব্র বিদ্রোহ। আর দয়া! সে অনুভূতির সাথে পরিচয় সাদা-কালো টিভির পর্দায় বিদ্যাসাগর-রূপী পাহাড়ী সান্যালেই সীমাবদ্ধ। নিষিদ্ধ ফল চাখতে ব্যস্ত কৌতূহলী মন সেদিন গানটাকে মুখস্থ করে নিয়েছিল। আজ কেমন একবার মনে করতেই ধোয়া-মোছা ন্যাপথলিনে মোড়া স্মৃতিটাকে আমায় ফিরিয়ে দিল!

আমরা ভারী ভাগ্যবান – আমাদের দেশে একটা মানুষ জন্মেছিলেন যিনি দেড়শো বছর ধরে একটা জাতের ইমোশনাল ক্রাইসিস একা হাতে সামাল দিয়ে যাচ্ছেন। রণে-বনে-জলে-জঙ্গলে, age-এ cage-এ rage-এ ও মঙ্গলে – এমন বন্ধু আর কে আছে, তোমার মত মিস্টার!

ন’বছর আগের কথা মনে পড়ে। তখন আমি বম্বে আই আই টি তে। জীবনে প্রথম একটা টেপ রেকর্ডার পেয়েছি। তাতে ঘুরিয়ে ফিরিয়ে গোটা চারেক ক্যাসেট শুনি। মাঝে মাঝেই মাঝ রাত্তিরে ল্যাব থেকে ফিরে লো ভলিউমে চালাতাম
“আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব
ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব”

কি বলব মশাই! অদ্ভুত বল পেতাম। অদ্ভুত! আমার একটু তারা দেখা বাতিক আছে তা তো জানেনই। সেই সব রাত্তিরে মনে হত, আমার জানলার ফাঁক দিয়ে ধরা দেওয়া এক চিলতে আকাশটায় বিপ্লব ঘটে যাচ্ছে। যেন সব কটা আলোর কণা পাগলের মত পাক খাচ্ছে। সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে। ক্লান্ত আর শান্ত হয়ে যাচ্ছে। তারপর সেই শান্তির মুখোমুখি দাঁড়িয়ে একে একে সবকটি তারা আবার জ্বলে উঠত। সক্কলে মিলে বলত – এই তো আমরা! ফুরায়ে ফেলে আবার ভরেছি, জীবন নব নব!

আরও ছ’বছর পর জেনেছিলাম, সেই ছবিটার নাম Starry Night. আর তার আকাশে সব চেয়ে উজ্জ্বল যে তারাটা – তিনিই আমার রবি ঠাকুর।



গান শোনা যাবে এখানে
হৃদয়ে তোমার দয়া যেন পাইঃ http://www.in.com/music/search.php?type=song&search_data=Hridaye+Tomar+Daya+Jeno+Paai+Ashok
আমারে তুমি অশেষ করেছঃ http://www.in.com/music/search.php?type=song&search_data=Amare+Tumi+Asesh+Korechho

Sunday, August 1, 2010

Some things are better left unsaid

আমার মাঝে মাঝেই আঁতেল হওয়ার শখ জাগে। তখন আমি বিদেশী সিনেমা দেখি, ইংরিজিতে উপনিষদ পড়ি, উচ্চাঙ্গ সঙ্গীতে ভুল ভাল জায়গায় মাথা নাড়াই – এই সব আর কি! তা আজ রবিবার। ইংলিশ মাফিন আর কালো কফি দিয়ে ব্রেকফাস্ট সেরে মনটা ভারী সাহেব সাহেব হয়ে গেল। ভাবলাম আজ সারাদিন ধরে নেটফ্লিক্সে মুভি দেখি। যা তা মুভি হলে চলবে না। আঁতেল হতে হবে। কাল রাতের উচ্চাঙ্গ সঙ্গীত শ্রবণের কন্টিনিউয়েশন আর কি! দেখে শুনে বেছে নিলাম ১৯৬৭ সালের একটি ইটালিয়ান মুভি – পাওলো পাসোলিনির অয়দিপাউস। অর্থাৎ শুধু আঁতেলই নয়, অ্যান্টিকও বটে!

প্রথমেই জানিয়ে রাখা ভালো সিনেমাটি আমার পছন্দ হয় নি। আমি ভেবেছিলাম সফোক্লিসের নাটকটির একটি আধুনিক চিত্রায়ন দেখবো। গল্পের শুরুও তেমনই ছিল – ষাটের দশকের ইতালী – একটি শিশু, শিশুর মা, তার কামুক স্বামী – যে শিশুর প্রতি তার নারীর মনোযোগ দেখে ঈর্ষান্বিত হয়ে শিশুটিকে হত্যার পরিকল্পনা করে। আর ঠিক তখনই পটভূমি বদলে যায়। গল্প চলে যায় আড়াই হাজার বছর আগের গ্রীসে – থিবস নগরীতে। তারপর ঠিক তেমনটিই হয়, যেমনটি গল্পে আছে। ভয়, দয়া, বাৎসল্য, ভাগ্যানুসন্ধান, হত্যা, কাম, বিপন্নতা, গ্লানি ও সবশেষে অন্ধত্ব। অন্ধত্বের পর গল্প আবার ফিরে আসে ইতালীতে। একটি অন্ধ মানুষ রাস্তায় রাস্তায় বাঁশী বাজিয়ে ফেরে। মাঝে মাঝেই অস্থির হয়ে চেঁচিয়ে ওঠে। তাকে ফ্রেমে ধরেই শেষ হয় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের সিনেমাটি। খুবই নাটকীয় সিনেমা। অভিনয় দেখতে দেখতে মাঝে মাঝে মনে হচ্ছিল স্টেজ অ্যাক্টিং দেখছি। সেটা ভালো না লাগার একটা কারন। সংলাপ অত্যন্ত কম। ছবির প্রথম সংলাপটি আসে ছবি শুরুর ছ’মিনিট সতেরো সেকেণ্ড পরে। সেটাও কোন চরিত্রের মুখের সাধারণ সংলাপ নয়। শিশুটিকে দেখে পুরুষটির ঈর্ষা – যেন যাত্রাদলের বিবেক! নাটকে দেখতে অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু সিনেমাতে অন্যরকম হতেই পারতো। আর শেষ কথা হল – ছবির প্রথম ও শেষ দশ মিনিটে কেন ষাট দশকের ইটালীর অবতারনা হল তা আমি বুঝলাম না। পরিচালক কি এটাই বোঝাতে চাইলেন যে অয়দিপাউসের গল্প আড়াই হাজার বছর আগেই শেষ হয়ে যায় নি, এখনও চলছে! ষাট দশকের ইতালী না দেখালেও সেটা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়।

Some things are better left unsaid
Some strings are better left undone
Some hearts are better left unbroken
Some lives are better left untouched
Some lies are better off believed
Some words are better left unspoken

কি আসে যায় অয়দিপাউস আর জোকাস্টার, যদি তারা না জানে তারা কে! কি অসুবিধা তাদের স্বাভাবিক নারী-পুরুষের মত জীবন কাটাতে! কেউ তো বাধা দেয় নি তাদের! কেউ তো অনাহূত এসে ধাক্কা দিয়ে তাদের ঘুম ভাঙায় নি। ভবিষ্যত-দ্রষ্টা নীরব থাকতে চেয়েছে। মেষপালক স্বেচ্ছা নির্বাসনে গেছে। রাজ্য ছিল, অনুরক্ত নারী ছিল, শিশু ছিল। তবু তার বিপন্নতা ঘুচলো না। আর কাউকে তো লাগে না – মাথার মধ্যে কিলবিল করে যে বোধটা – সে ভেংচি কাটে। বিরক্ত করে, অনুনয় করে, পায়ে মাথা খুঁড়ে মরে – বলো, বলো, আমাকে বলো! সে জেনে এসেছে ছোট থেকে – ফলটিতে কামড় বসালেই টুপ করে ঝরে যেতে হয় স্বর্গ থেকে। তবু তার মারাত্মক লোভ। জানতে তাকে হবেই। তারপর সত্যের ঝাঁঝ সামলাতে না পেরে নিজেকে সরিয়ে নিই জীবন থেকে কিংবা অন্ধ হই – সেও ভালো। যেন জীবনের জন্য সত্য নয়, সত্যের জন্য জীবন! কথাটা যতটা নায়কোচিত শোনায় আদতে তা’ও নয়। কোন মহৎ সত্যনিষ্ঠা থেকে এই প্রশ্নের উৎপত্তি নয়। এ নিজের সাথে নিজের খেলা। পোকা যেমন আগুনের দিকে ছোটে। ডানা পোড়ে আর সে তাকে জীবনের উষ্ণতা ভেবে চোখ ঠারে। তারপর তীব্র ঝলক, অন্ধত্ব। সবশেষে ছেঁড়া জামা পরে বাঁশী বাজানো রাস্তায় রাস্তায় এবং অস্থির আক্রোশে উন্মাদের মত চিৎকার। আমি হাফ আঁতেল এসব নিয়ে ব্লগ লিখি আর ভাবি বিপন্নতা কোন ওষুধে সারে!

Saturday, July 24, 2010

S আর K

আচ্ছা তা’লে খুলেই বলা যাক। একদিন – যখন কিনা S-এর বেশ রাত আর K-এর বেশ সকাল তখন তাঁরা দুজনে গপ্পো করছিলেন। K কিনা ভারী ছেলেমানুষ – বিস্ময়ের মত খাঁটি অনুভূতি তাঁকেই মানায়। S যাই বলেন, অবাক বিস্ময়ে K প্রশ্ন করেন – হ্যাঁ, তাই নাকি? সে কি রকম? S-ও এই সুযোগে সাত বছরের বালিকাবেলায় ছোটো ভাই-বোনেদের নিজের বাসের টিকিটের সম্ভার বা খেলাঘরের ঐশ্বর্য দেখিয়ে যেমন আত্মশ্লাঘা অনুভব করতেন, তেমনই সহজতায় K–এর কাছে নিজের গল্পের ঝুলি উজাড় করে দেন। এবং সেই ঝুলি থেকে বেরোয় একটি বিকেল ও তৎসংলগ্ন একটি সিঁড়ি। S-এর বাসার খিড়কি দোরের সেই সিঁড়িতে বসে S তাঁর বিকেলগুলি কাটান। আপনমনে ছবি আঁকেন, রং ভরান, মুছে দেন, আবার আঁকেন। এই সিঁড়ির ধাপেই জমা আছে S-এর যাবতীয় সূর্যোদয়, তাঁর বেলাশেষের অস্তরাগ, তাঁর উঠোনভাঙা বৃষ্টি, তাঁর দুকূলপ্লাবী বসন্ত। সর্বোপরি তাঁর রাত্রি – নিঝুম লোকালয়ে ফুটে ওঠা একটি-দুটি তারা – কদাচিৎ চৈত্রের নির্মেঘ আকাশে বশিষ্টের কাঁধের কাছে জেগে থাকা অরুন্ধতীর আশ্বাস। S-এর একাকী শহর – জ্যোৎস্নাবিলাসিনী!

S-এর সিঁড়ি আর বিকেলের গল্পে K খুব আপ্লুত হয়ে পড়েন। ছেলেমানুষ কিনা! সেদিন গল্প শেষে S-কে তিনি একখণ্ড কবিতা লিখে পাঠান। S আবেগপ্রবণ মানুষ। এমন হঠাৎ খুশীর ভার বইতে তিনি কোনদিনই বিশেষ পটু নন। যদিও K-এর সামনে তাঁর কাব্যপ্রতিভা সাঁঝবাতির পাশে হ্যালোজেনের মতই দৃষ্টিকটু ও উচ্চকিত, তবু আবেগের বশে তিনিও লিখে ফেলেন দু’লাইন। K কিনা জাত কবি। S-এর মনের কথা তাঁর নিজের থেকেও নিপুণ ভাবে প্রকাশ করার সহজাত ক্ষমতা K-এর। তাই আরো ক’লাইন যোগ করে তিনি কবিতাটি সম্পূর্ণ করেন। সেটি কেমন হলো? দেখে নেওয়া যাক –

K: বিকেল, তোকে এই সিঁড়িতে রাখি
এইখানে হোক গল্প গল্প খেলা
বাসায় যখন ফিরবে দোয়েল পাখি
ডানায় মেখে অল্প অল্প বেলা

S: বিকেল, আমার রূপকথা সন্ধান
বৃষ্টিশেষের হলুদ আলোয় ঘেরা
সিঁড়ির বাঁকে থমকে গেছে দিন
তোরই কাছে গল্প শেষে ফেরা

K: যখন আমায় খোলা আকাশ ডাকে
জানলা বেয়ে ডাকে গাছের সারি
রূপকথারা চুপটি করেই থাকে
তাদের সাড়া না দিয়ে কি পারি?

K: বিকেল, আমার নেই তো ওঠানামা
সিঁড়ির কাছে, অনেক কাজের ঝোঁকে
আমার শুধু একটুখানি থামা
একটুখানি জড়িয়ে নেওয়া তোকে

Tuesday, July 13, 2010

কাটুম-কুটুম

একটা থাই রেস্তোরাঁ থেকে বেরোচ্ছি – দেখি সদর দরজার পাশেই ক’টা বেলফুলের গাছ। এদিক-ওদিক তাকিয়ে গাছের দিকে নিচু হলাম। একটুও বদলায় নি তো! একদম একই জায়গায় দাঁড়িয়ে আছে আমার ছোটোবেলা! গ্রীষ্মকালের লোডশেডিং-এর সন্ধ্যে। আমি আর ভাই ল্যাম্পের আলোয় অঙ্ক কষছি। বাবা ইজিচেয়ারে শুয়ে তারা দেখছে। মা গুনগুন করছে – যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকাবনে... সুর লাগছে না। তবু যা গাইছে সেটাই যেন সুর হয়ে যাচ্ছে। আর আমাদের দেড়তলার ছাদ থেকে ম ম করে ভেসে আসছে বেলফুলের গন্ধ!

টবের নিচে কিছু বেলফুল ঝরে ছিল। সেগুলো কুড়িয়ে নিলাম। বার বার ঘ্রাণ নিচ্ছি – আর ম্যাজিকের মত, আলিবাবার গুহার মত, প্রফেসর শঙ্কুর বোগদাদের বাক্সের মত আমার সামনে পর্দার পর পর্দা খুলে যাচ্ছে – একের পর এক প্রিয় মুখের সারি, প্রিয় দৃশ্যের অভিনয় – আমাদের গঙ্গাতীরের নরম হলুদ আলোর ফিল্টারে পরিশ্রুত! ব্লুমিংটনের বিকেলে তখন চাপ চাপ কালো মেঘের ফাঁকে কমলা সূর্যের ঝলক। হয়তো একটু পরেই বৃষ্টি নামবে। পৃথিবীকে এতো সুন্দরও হতে হয়! শিউরে উঠি!

Sunday, July 11, 2010

স্বপ্নসম্ভব

আজ সকালে আমি ট্রেনে চড়ে যাচ্ছিলাম। দূরপাল্লার ট্রেন। নীল রঙের। ফ্যাকাসে হলুদ গমক্ষেতের মধ্যে দিয়ে, রুখু রুখু কালো মাটির মধ্যে দিয়ে, লাল কাঁকরে ভরা ঝুরঝুরে পথের মধ্যে দিয়ে – ট্রেনটা ছুটছে ছুটছে ছুটছে। খোলা জানলা দিয়ে গরম হাওয়া আর পাটকিলে ধুলো আমার মুখে এসে লাগছে। আমার রোমকূপগুলো গোগ্রাসে ধুলো খাচ্ছে। আমার চুল উড়ছে। আমি ক্রমশই ধূসর হয়ে যাচ্ছি। আর ট্রেনটা ছুটে চলেছে। শুকিয়ে আসা নদীর খাত পার হয়ে, রেলের ব্রিজে ঝমঝম শব্দ তুলে, পাকা খরমুজার গন্ধে বিভোর হয়ে টেনটা শুধুই ছুটছে।

তারপর ওরা বললো এখানেই নামতে হবে। আমি জায়গাটা চিনি না। কেমন পুরোনো পুরোনো লালচে স্টেশন। চকচকে মেরুনরঙের জরিওলা শাড়ী পরা এক বুড়ী চুবড়ী ভরে লিচু বিক্রী করছিল। তার কালো রোগা হাতে রুপোর বালা। কোঁচকানো চামড়ায় উল্কিতে কালীয়দমনের কৃষ্ণ বাঁশী বাজাচ্ছে। আমি স্টেশন থেকে বেরিয়ে এলাম। একটা বুড়ো মত টাঙ্গাওয়ালা – নীল-সবুজ চৌখুপ্পি লুঙ্গী পরা – আমায় বললো কোথায় যাবে? আমার তো মনে নেই কোথায় যেতে হবে। স্টেশনের ধারে একটা লাড্ডু-জিলিপির দোকান। কমলা রঙের জিলিপির ঝুড়ির ওপর একটা বিশাল কালো মাছি বোঁ বোঁ করে ঘুরছে। একটা বটগাছ – তার গায়ে অনেক সিঁদুর লেপা। আমি ওদিকেই চললাম।

রাস্তাগুলো সরু সরু। দুই দিকে উঁচু উঁচু বাড়ি। মাঝে কোন ফাঁক নেই। আলো ঢোকে না একটুও। তবু গলিপথ কেমন আলো আলো। চৌকো পাথর সাজানো পথ। ফ্যাকাসে হলুদ পাথর। তার খাঁজে খাঁজে অনেক ধুলো। সেই ধুলোর সাথে জল মিশে শিরা-উপশিরা ছড়িয়েছে। আমি ওই শিরাওলা পথ ধরে এগিয়ে চলি – যেদিকে জল বয়েছে। আমার দুপাশে ভেজা ভেজা বাড়িগুলোর জাফরির ফাঁকে সময় বাঁধা আছে। গলির শেষে যেখানে সিঁড়ি নেমেছে ধাপে ধাপে সেখানে একটা পাথরের কুয়ো। কুয়োর ধারে একটা মেয়ে। লালহলুদ ঘাগরা পরা। তার তেলহীন চুল বাদামী রঙের। সরু হাতে লাল প্লাস্টিকের চুড়ি সেফটিপিন দিয়ে আটকানো। মেয়েটাকে আমি চিনি না। তবু মনে হয় দেখেছি কোথাও। থমথমে দুপুরে তখন ‘কুব’ ‘কুব’ করে একটা পাখী ডাকছিল। কেউ কোত্থাও নেই। এই হলুদ ধুলো ধুলো শহরে খালি আমি আর ওই মেয়েটা। যার চোখদুটো আয়নার মত। আমি এগিয়ে গিয়ে ওর হাত ধরি। তারপর হাঁটতে থাকি ওর সাথে এই অচেনা শহরের গলিপথ ধরে – যেখানে রোদ ঢোকে না, অথচ কেমন আলো আলো।