About Me

I am like a pebble lying beside the road for ages. I observe and think. Sometimes I want things to be changed. But I am not an active person at all. So I just lie down and watch the play taking place around me. Somehow I enjoy the solitude I live in. I am happy with the package I came with. This beautiful earth, sunshine and rain…
Showing posts with label Translation. Show all posts
Showing posts with label Translation. Show all posts

Saturday, December 25, 2010

ছায়াপথের কথা - ৩

গল্প – ৩ (স্যান উপজাতি, কালাহারি)
-----------------------------

অনেক অনেক দিন আগের কথা। কৈশোরের উপকণ্ঠে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে তার মায়ের হাত ধরে জীবনে প্রথমবার গ্রামের বাইরে যাচ্ছিল। কোন উত্তেজনা নয়, একরাশ ভয় কিলবিল করছে তার ছোট্ট মাথায়। সে দেখতে পেয়েছে একটা হায়না স্যাঁত করে লুকিয়ে পড়ল বুকসমান উঁচু ঘাসের জঙ্গলে। মেটে রঙের টিলাটার ওপর কিচমিচ করছে তিনটে বেবুন। একটা ধেড়ে ইঁদুর ব্যস্ত হয়ে ছুটে গেল তার পায়ের ওপর দিয়ে। গেল ওদিকেই যেখানে তার মা রিড ঘাসের চাটাই দিয়ে তার জন্য একটা কুঁড়েঘর বানিয়ে রেখেছে। যতদিন না সে পূর্ণ নারী হয়ে ওঠে ততদিন তাকে এই ঘরেই থাকতে হবে। তার বুক ফেটে কান্না এল। ইচ্ছে হল মা ’ কে বলে, ‘ দোহাই তোমার, ফেলে যেও না এখানে আমায়। ত্রিসীমানায় মানুষ নেই কোন। কেমন করে থাকব আমি একা একা? ’ কিচ্ছুটি বলতে পারল না সে। তাদের সমাজে এমনটাই নিয়ম। এখানেই থাকতে হবে তাকে পূর্ণিমা পর্যন্ত – যতক্ষণ না সে পূর্ণতা পায়। সে দেখল আকাশে সপ্তমীর চাঁদ। অ্যাকাশিয়ার জঙ্গলে মিলিয়ে যাচ্ছে তার মায়ের ছায়া।

একটা করে দিন যায়। রাতের চাঁদ একফালি বাড়ে। নিঝুম অন্ধকারে কুঁড়েঘরের দুয়োরে বসে সে আকাশের একমাত্র আলোটির দিকে তাকিয়ে থাকে। ছোটবেলায় শোনা গল্প মনে পড়ে তার। এই চাঁদ, তারা, সূর্য, জল, জঙ্গল, মরুভূমি – সবকিছু তৈরী করেছেন ক্কাগেন – কালাহারির পবিত্র পোকা। একসময় যখন চাঁদ ছিল না, যখন সূর্য ডুবলেই নিকশ অন্ধকার, তখন ক্কাগেন তাঁর পায়ের জুতো খুলে বললেন, তোমাকে দিয়ে আমি চাঁদ বানালাম। জুতো যেমন মানুষকে নিয়ে যায় ঘাসের জঙ্গল পেরিয়ে মরুভূমির এপার থেকে ওপারে, তুমিও তেমন ঘুরে বেড়াবে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো নিয়ে। অন্ধকারকে তুমি ফিকে করবে।

কিন্তু ফিকে কই! অন্ধকার যে এখনও বড্ড জমাট – মেয়েটি ভাবে। ভাবতে ভাবতেই তার মনে হয় আকাশে আরও একটু আলো জুড়ে দিলে কেমন হয়! সে তো জানে কোন গাছের মূলে আলো জ্বলে ভালো, কোন মূলে সুগন্ধ ছড়ায়। আধভাঙা চাঁদের ফ্যাকাশে আলোতেই সে একটা গাছের ডাল খুঁজে নেয়। মাটি খুঁড়তে থাকে। একটা-দুটো না, অনেক অনেক মূল চাই তার। অনেক অনেক আলো সে জ্বালতে চায় আকাশে – অন্ধকার তার একদম পছন্দ নয়।

একরাশ মূল জোগাড় করে কুঁড়েতে ফেরে সে। একটুকরো আগুন্ন জ্বালিয়ে গেছিল তার মা। তা এখনও জ্বলছে ধিকিধিকি। সে মূলগুলো ছুঁড়ে দেয় আগুনে। সুগন্ধী সাদা ধোঁয়ায় ঘর ভরে ওঠে। আগুন থেকে কিছুটা ছাই তুলে নিয়ে বাইরে এসে দাঁড়ায়। ‘ তোমার নাম দিলাম ক্কো – ছায়াপথ – রাতের অন্ধকারে তুমি আলো ছড়াবে, পথহারাকে পথ দেখাবে ’ – এই বলে সে মুঠোভরা ছাই ছুঁড়ে দেয় আকাশে। বিন্দু বিন্দু সাদা ছাই ছড়িয়ে পড়ে আকাশের এপার থেকে ওপারে। রাতের অন্ধকারে দ্যুতি ছড়ায়। যারা পথ চলছে একা একা, আলো দেখায় তাদের।

Friday, December 24, 2010

ছায়াপথের কথা - ২

গল্প – ২ (উৎসঃ টোবা ইন্ডিয়ান, আর্জেন্টিনা)
--------------------------------

[ টোবা ইন্ডিয়ানদের দেখা পাওয়া যাবে দক্ষিণ আমেরিকার গ্র্যান চাকো অঞ্চলে। বলিভিয়া, প্যারাগুয়ে আর আর্জেন্টিনার সীমান্তবর্তী এই এলাকা দক্ষিণ আমেরিকার উষ্ণতম অঞ্চলগুলির একটি। টোবারা ছিল যাযাবর। পঞ্চাশ-ষাট জনের ছোট ছোট দলে ঘুরে বেড়াত। খরাপ্রবণ এই অঞ্চলে খাবার খুঁজে পাওয়াই ছিল তাদের সবচেয়ে বড় চিন্তা। তাদের ছায়াপথের গল্পও তাই খিদের গল্প।

টোবাদের কল্পনায় সূর্য হল এক জরাগ্রস্ত বুড়ি। কচ্ছপের মত খসখসে ভারী শরীর সে অতি কষ্টে বয়ে নিয়ে চলে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। দিন যেন ফুরোতেই চায় না।

দক্ষিণ আমেরিকার ঐ অঞ্চলে গ্রীষ্মের দিনগুলি দীর্ঘ, অগ্নিবর্ষী – তাই কি সূর্যের তুলনা কচ্ছপের সাথে? ]


সেটা ছিল গ্রীষ্মকাল। সূর্যবুড়ি সবে ঘুম ভেঙে উঠেছে। আমাদের গল্পের নায়ক চিন্নি, একটি চাতকপাখী, মন দিয়ে খাদের ওপর বিপজ্জনক ভাবে ঝুলে থাকা নড়বড়ে সাঁকোটা মেরামত করছিল। সাঁকো বলতে কিছুই না – একখানি গাছের গুঁড়ি। যেন আধশোয়া হয়ে ঠেস দিয়েছে এই পাহাড় থেকে ঐ পাহাড়ে। মধ্যিখানে গভীর খাদ। এপার থেকে ওপারের গাছগুলিকে দেখায় ঘন সবুজ। এদিকের মত ঝলসানো নয়। খাবারের আকাল পড়লে ওদিক পানে যাওয়া ছাড়া উপায় কি! অথচ দেখ, পারাপারের ধকল নিতে নিতে কেমন জীর্ণ হয়েছে সাঁকোটা। এখনই না সারালে যে কোন মুহুর্তে ভেঙে পড়বে। এইসব ভাবতে ভাবতে জলদি ঠোঁট চালায় চিন্নি। কারোব গাছের ঝুরি দিয়ে কষে বাঁধতে থাকে সাঁকোটাকে পাথরের সাথে।

এমন সময় হাসির আওয়াজ শোনা যায়। টুকটাক দুয়েকটা কথা। দীর্ঘশ্বাস। চিন্নি দেখতে পায় দশ-বারোটি মেয়ের একটি দল এদিক পানে আসছে। - ‘ সেই সকাল থেকে খুঁজে খুঁজে কি পেলাম দেখ! এক টুকরো কন্দ। তাও আবার পচা। এটা তুই কার মুখে দিবি বল! ’ – ‘ এখনই হাল ছেড়ে দিলি! সূয্যিবুড়ি তো এখনও খাপই খোলে নি ’ । - ‘ চল ঐ কারোব গাছের ছায়ায় জিরৈ দু ’ দন্ড। তারপর ঠিক করা যাবে কোন দিকে যাওয়া যায় ’ । ওরা চিন্নির পাশে এসেই বসে। খেয়ালই করে না চিন্নিকে। গ্রীষ্মকাল। এই সাত সকালেও রোদ্দুর ঠা ঠা করছে। ওরই মধ্যে একটু হাওয়া খেলে। চানার ফলের মিষ্টি গন্ধ ভেসে আসে সেই হাওয়ায়। - ‘ কি মিষ্টি বাস গো! ’ – মেয়ের দলের সবচেয়ে ছোটটি পায়ে পায়ে এগিয়ে যায় খাদের দিকে – ‘ ঐ দেখ, ঐ পারে ফল ধরে আছে গাছে! কেমন রাঙা, আগুনরঙা ফল! ফলের ভারে নুয়ে পড়েছে গাছটা! চল দিদি, ওপারে যাই আমরা ’ । চানার ফলের গন্ধে সকলেরই মরে থাকা খিদে চনমন করে উঠেছে। - ‘ কিন্তু যাবি কি করে? এই গভীর খাদ পেরোব কি করে আমরা? ’ – ‘ আরে! এই দেখ! এই ঝোপের আড়ালে একখানা গাছের গুঁড়ি পাতা রয়েছে এ পাহাড় থেকে ও পাহাড়ে। আর চিন্তা কিসের? চল চল! ’ – ‘ না না, এখনও কাজ শেষ হয়নি আমার, এখনই উঠো না তোমরা সাঁকোতে ’ – চেঁচিয়ে ওঠে চিন্নি। কিন্তু চিন্নির ভাষা মেয়েরা বুঝতেই পারে না। তাদের চোখে তখন আগুনরঙা ফল, পেটে গনগনে খিদে। সাঁকোর ওপর ছুটতে থাকে তারা। ওপারে পৌঁছতে হবে জলদি! খাদের মধ্যে শোঁ শোঁ করে হাওয়া দেয়। পাথরের দেওয়ালে দেওয়ালে সে হাওয়া পাক খেতে খেতে উল্টো ধাক্কা দেয় জরাজীর্ণ সাঁকোতে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নড়বড়ে কাঠের গুঁড়ি সবকটা মেয়েকে নিয়ে। তাদের আর ওপারে যাওয়া হল না কোনদিন।

চিন্নি থুম মেরে বসে আছে খাদের কিনারে। সূর্যবুড়ি আগুন ঢালছে মাথার ওপর। একটু আগে যেখানে সাঁকোটা ছিল এখন সেখানে সেখানে হাঁ হাঁ করছে খাদ। ঝোপের মধ্যে খড়মড় শব্দ হয়। চিন্নি নড়চড়ে বসে। লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে আসে এক সারস। - ‘ কে হে তুমি? কোত্থেকে আসছ? ’ – শুধোয় চিন্নি। - ‘ আসছি বহুদূর থেকে। সেখানে সব খাবার ফুরিয়েছে ’ । - ‘ যাবে কোথায়? ’ – ‘ আর কোথায়! যেখানে খাবার আছে সেইখানে! শুনেছি ওদিকের পাহাড়ে এখনও খরা নামে নি। কিন্তু পেরোব কি করে? কাছাকাছি কোন সাঁকো নেই? ’ – ‘ ছিল হে। এখানেই ছিল ’ – বিমর্ষ চিন্নি বলে – ‘ ভার নিতে পারল না। ভেঙে পড়ল চোখের সামনে। নড়বড় করছিল যখন সারাবার চেষ্টা করেছিলাম। নতুন সাঁকো বানাব এমন কারিগর তো আমি নই! ’ – ‘ কিচ্ছুটি ভেবো না তুমি। আমি বানিয়ে দেব নতুন সাঁকো ’ – বলল সারস। লম্বা শক্ত ঠোঁট দিয়ে কাঠ চিরে তক্তা বানাতে শুরু করে দিল। গাছের ঝুরি দিয়ে কষে বাঁধল তাদের। তারপর পাম গাছের পাতা দিয়ে সুন্দর রেলিং বানিয়ে দিল একখানা। সূর্যবুড়ি ততক্ষণে পশ্চিমে ঢলতে শুরু করেছে। - ‘ কই হে চিন্নি! নতুন সাঁকোটা কেমন হল দেখে যাও একবার! ’ – হাঁক দেয় সারস। – ‘ বাহ! তুমি তো ভারি কাজের মানুষ হে! সাঁকোর মত সাঁকো হয়েছে একটা ’ – তারিফ করে চিন্নি – ‘ চলো যাওয়া যাক তাহলে ওপারে ’ । - ‘ দাঁড়াও, কাজ বাকি থেকে গেছে একটা ’ – বলল সারস – ‘ এখানে বড় ঝোপঝাড়। একটা পথ বানাতে হবে যাতে সবাই সাঁকোটা দেখতে পায়। খাবারের খোঁজে এসে সাঁকো খুঁজে না পেয়ে ফিরে যেতে হলে সে ভারী বিশ্রী ব্যাপার হবে ’ । পশ্চিম আকাশ লাল করে সূর্য তখন অস্ত যাচ্ছে। সারস সেই রঙে রঙ মিলিয়ে ঝোপে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল গাছ থেকে গাছে। মস্ত বড় সাদা ধোঁয়ার কুন্ডলী পাক খেতে খেতে উঠতে লাগল আকাশপানে। চিন্নি দেখল অন্ধকার আকাশের বুক চিরে এগিয়ে চলছে একটা উঙ্কÄল সাদা পথ – নাগাইক – সেই পথ ধরে হাঁটলে খাওয়া-পরার আর একটুও অভাব থাকবে না।

Thursday, December 23, 2010

ছায়াপথের কথা - ১

ছায়াপথ নিয়ে পৃথিবীর নানা দেশে নানা গল্প আছে। তারই কিছু অনুবাদ করব।


গল্প – ১ (উৎসঃ সপ্তম শতাব্দীর জাপান। তবে আদতে নাকি গল্পটি চীন থেকে জাপানে এসেছে)
----------------------------------------------------------------

জাপানদেশে কামি নামে এক দেবতা ছিলেন। তিনি হলেন স্বর্গের রাজা। ইন্দ্র বলা চলে, তবে আমাদের ইন্দ্রের মত ফাঁকিবাজ নন মোটেই। পৃথিবীটা নিয়ম মেনে চলছে কিনা, সবাই মন দিয়ে নিজের কাজ করছে কিনা সেসব দিকে কামির কড়া নজর। কামির একটি মেয়ে। তার নাম তানাবাতা। যেমন তার রূপ, তেমনি গুণ। তার মত সুতো কাটতে আর কাপড় বুনতে আর কেউ পারত না। তার বোনা কাপড় ছাড়া কামির মনই উঠত না। রোজ ভোরে সূর্যের প্রথম আলোটি যে মুহুর্তে স্বর্গপূরীর দুয়োরে এসে কড়া নাড়ে, তানাবাতা অমনি তার তাঁতটি নিয়ে কাজে লেগে যায়। সারাদিন ধরে সূর্য চলে আকাশপথে, তানাবাতার তাঁত থামে না। সুতো ঘুরতে থাকে সামনে পিছে, তার থেকে নামে ছন্দ, ছন্দ থেকে আসে কবিতা। দিনের শেষে সূর্য যখন পরিক্রমা শেষ করে, সবাই দেখে তানাবাতা তার বাবার জন্য বানিয়ে ফেলেছে সবচেয়ে সূক্ষতম কাপড়, আর নিজের জন্য আস্ত একখানি কবিতা।

একদিন তানাবাতা নিজের ঘরে বসে তাঁত বুনছে, এমন সময় এক মানুষ এসে দাঁড়ায় তার দুয়োরে। মানুষটি বড় রূপবান। একপাল গরু-মহিষ নিয়ে সে চরাতে যাচ্ছে কোথাও। তানাবাতাকে সে বলল, ‘ আমি রোজ যাই এই পথে আর তোমাদের উঠোনে কাপড় শুকোতে দেখি। এত সুন্দর কাপড় আমি আর কোত্থাও দেখি নি। তুমি বুঝি এই কাপড় বোনো? ’ তানাবাতা ভারী লাজুক মেয়ে। সে ঘাড় নেড়ে সম্মতি জানায়। মানুষটি এবার বলল, ‘ আমার নাম হিকোবুশি। তোমার নামটি তো বললে না? ’ তানাবাতা চোখ তুলে হিকোবুশির দিকে তাকাল আর দেখা মাত্র মানুষটিকে খুব পছন্দ হয়ে গেল তার। কোনমতে নিজের নামটি বলল তাকে। হিকোবুশিরও ভারী ভালো লেগেছে এই মেয়েটিকে। সে সাহস করে বলল, ‘ আমি যাচ্ছি এই গরু-মহিষ চরাতে সামনের সবুজ মাঠে। হাঁটবে একটু আমার সাথে? ’ যদিও সারাদিন ধরে কাপড় বোনাই তানাবাতার কাজ, তবু তার খুব ইচ্ছে হল এই মানুষটির সাথে খানিক ঘুরে আসে। সে তার তাঁত রেখে হিকোবুশির সাথে বেরোল। সবুজ মখমলের মত মায়াবী মাঠে খরগোস ছুটে বেড়াচ্ছে, কাঠবেড়ালী তিড়িং-বিড়িং করছে ইতি-উতি, একটি ইঁদুর গর্ত থেকে মুখ বার করেই আবার লুকিয়ে পড়ল – তানাবাতা বহুদিন এভাবে বাইরে বেরোয় নি। হিকোবুশি তার কোমরবন্ধ থেকে ছোট্ট বাঁশিটি বার করে বাজাতে লাগল। সুর ভাসছে আকাশে-বাতাসে। গুচ্ছ গুচ্ছ উঙ্কÄল রঙীন ফুল ফুটে আছে। তানাবাতা ভারী যত্ন করে হিকোবুশির জন্য বুনোফুলের কোমরবন্ধ বানিয়ে দিল। কবিতা জন্মাল আবার – হিকোবুশির সুরে, সেই মায়াভরা মাঠের উঙ্কÄলতায় আর তানাবাতার যত্নে।

সন্ধ্যে নামে। হিকোবুশিকে নিয়ে তানাবাতা ঘরে ফিরল। কামির কাছে গিয়ে বলল, ‘ বাবা, আমি হিকোবুশিকে বিয়ে করতে চাই ’ । কামি অরাজি হলেন না। তানাবাতা আর হিকোবুশির বিয়ে হল। কাছেই একটি ছোট্ট কুটিরে নতুন সংসার পাতল তারা। তানাবাতার তাঁত বসল বসার ঘরে। হিকোবুশির গরু-মহিষের পাল সবুজ মাঠে চরে বেড়াতে লাগল। নবদম্পতি নিজেদের নিয়ে মগ্ন। হিকোবুশি বাঁশিতে সুর তোলে, তানাবাতার মনে কবিতারা জন্ম নেয়। সূর্যদেবতা কতবার আকাশ এপার-ওপার করল – হিকোবুশির সুর থামল না, তানাবাতার কবিতারা পথ ভুলল না। আর এদিকে তাঁতে জমল ধুলো, গরু-মহিষের দল কে কোথায় ছিটকে গেল কে জানে!

কামি বহুদিন ধরে দেখছিলেন আর ক্রমশই তাঁর রাগ বাড়ছিল। শেষ পর্যন্ত আর ধৈর্য রইল না। ‘ দিনের পর দিন কাজে অবহেলা করেছ তোমরা। তাই তোমাদের আলাদা করে দেব চিরকালের মত ’ – এই বলে কামি স্বর্গের বাঁধ খুলে দিলেন আর তক্ষুনি সাপের ফণার মত উন্মত্ত জলরাশি আছড়ে পড়ল হিকোবুশি আর তানাবাতার মাঝখানে। তানাবাতা দেখল হিকোবুশি বহুদূরে সরে যাচ্ছে। আবছা হতে হতে শেষ পর্যন্ত মিলিয়ে গেল সে। তাদের দুজনের মধ্যে যোজনবিস্তৃত অনন্ত জলধারা বয়ে চলল আজীবন। পৃথিবীর মানুষেরা তাকেই চেনে ছায়াপথ বলে।

তবে দুঃখের গল্প আমার ভালো লাগে না। জাপানীদেরও লাগত না। এই গল্পও তাই এখানেই শেষ নয়। তানাবাতার দিন চলে আগের মত। সূর্য এসে ঘুম ভাঙায়। সে তার তাঁতটি নিয়ে বসে কামির জন্য কাপড় বানাতে। হিকোবুশির কথা ভেবে মন ভারী হয়ে ওঠে, হাত চলে না। দিনের শেষে কামি এসে দেখেন তাঁর নতুন বানানো কাপড় মেয়ের চোখের জলে ভেজা। তানাবাতা বলে, ‘ বাবা, আমার কাজে ভুল হচ্ছে। আমি জানি আমার শাস্তিই প্রাপ্য। তোমার জন্য তিনভুবনের সেরা কাপড় বানাতাম আমি। কিন্তু সে কাপড় আমি আর বুনতে পারছি না। হিকোবুশি চলে যাওয়ার পর আমার মন ভেঙে গেছে। যদি আমাকে আবার আগের মত কাপড় বুনতে হয়, তাহলে এটুকু আশা অন্তত আমায় দাও যে একদিন না একদিন সামান্যতম সময়ের জন্যও আবার হিকোবুশির সাথে আমার দেখা হবে ’ । কামি দেখলেন এই প্রার্থনা মঞ্জুর করা ছাড়া আর কোন উপায় নেই। তিনি বললেন, ‘ বেশ তাই হবে। বছরে একবার, সপ্তম মাসের সপ্তম রাতে তুমি হিকোবুশিকে দেখতে পাবে। তবে হ্যাঁ, যদি সেই রাত মেঘমুক্ত থাকে তবেই। আমার নির্দেশে এক হাজার পাখি এসে তখন সেতু বেঁধে দেবে নদীর ওপর। সেই সেতুর ওপর দেখা হবে তোমার আর হিকোবুশির ’ ।

সেই থেকে প্রতি বছর অগাস্ট মাসের সপ্তমীতে হিকোবুশি আর তানাবাতা অপেক্ষা করে থাকে মেঘমুক্ত আকাশের জন্য। আগেকার দিনে অগাস্ট মাস পড়লেই জাপানীরা কচি সবুজ বাঁশের একটি টুকরো সাজিয়ে রাখত তাদের বাগানে। বাঁশের গায়ে রঙীন কাগজ ় এ কবিতা লিখে ঝুলিয়ে দিত। এই উৎসবের নাম ছিল তানাবাতা-সামা। অগাস্ট মাস তারাখসার মাস। গ্রীক পুরাণে যাকে আমরা পারসিয়াস নক্ষত্রপুঞ্জ বলে জানি, আকাশের সেই প্রান্ত থেকে অগাস্ট মাসে উল্কাবৃষ্টি হয়। সপ্তমী তিথিতে যদি আকাশ পরিস্কার থাকে, যদি তারাদের ঘুরে বেড়াতে দেখা যায় এদিক-ওদিক তাহলে জাপানীরা জানে কামির নির্দেশে হাজার পাখির দল সেতু গড়ছে আকাশ-নদীতে। একটু পরেই দেখা হবে হিকোবুশি আর তানাবাতার। আর যদি মেঘে ভরা থাকে আকাশ? তাহলে আবার অপেক্ষা এক বছরের জন্য। হিকোবুশি ফিরে যাবে তার গরু-মহিষের কাছে। তানাবাতা আবার বসবে তার তাঁতে। আর দিন গুনবে পরের বছরের সপ্তম মাসের সপ্তম দিনটির জন্য। জাপানী গৃহস্থ বাগানে সাজিয়ে রাখা সবুজ বাঁশটি ভাসিয়ে দেবে নদীতে। ঢেউয়ের দোলা খেতে খেতে সেটা ক্রমশ হারিয়ে যাবে চোখের আড়ালে।

Monday, August 30, 2010

উরশিমা নামের জেলেটি

[একটি জাপানী রূপকথার ছায়ানুসারে। দিয়ালা ২০১০ পুজোসংখ্যায় প্রকাশিত।
http://diyala.kochisamsad.com/godyo/urshima-namer-jeleti.html]

অনেক অনেক দিন আগে জাপান দেশে উরশিমা নামে এক জেলে থাকত। সারাদিন ধরে সে সমুদ্রে মাছ ধরে বেড়ায়। ঢেউয়ের পিঠে চেপে মাছের পিছু পিছু সে চলে যায় বহু বহু দূর। একবার হয়েছে কি, দিনের পর দিন যায়, মাছের বড় আকাল। উরশিমা সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল ডুবে রাত – সারাবেলা জাল বিছিয়ে বসে থাকে, কিচ্ছুটি পায় না। এইভাবে অনেক দিনের পর উরশিমা দেখে এক পাঁচরঙা কাছিম গুটি গুটি উঠে এসেছে তার জালে। মাছের বদলে কাছিম, তো তাই সই! পাঁচরঙা কাছিমটিকে নৌ্কোর খোলে রেখে, অনেক রাত পর উরশিমা খুব ঘুমোল।

ঘুম থেকে উঠে উরশিমা তো তাজ্জব। কোথায় কাছিম! এতো এক পরমাসুন্দরী কন্যে বসে আছে তার শিয়রের কাছে! কন্যে মিষ্টি হেসে বলল,


- “আকাশ থেকে দেখতে পেলাম অথৈ সাগর জলে
ডিঙি চেপে বেড়ায় ঘুরে একলাটি এক ছেলে
তোমার সাথে কইতে কথা ইচ্ছে হল ভারী
মেঘে চড়ে, হাওয়ায় উড়ে এলাম তাড়াতাড়ি”

- “দাঁড়াও দাঁড়াও। মেঘে চড়ে? হাওয়ায় উড়ে? সে আবার হয় নাকি? সত্যি করে বল দেখি, কন্যে তুমি কে?”

- “আমি হলাম আকাশলীনা, মেঘের দেশে বাস
অজর অমর সবাই সেথায়, ফাগুন বারোমাস
আমার সাথে যাবে ছেলে, দেখবে নাকি ভেবে?
থাকব সাথে যদ্দিন না চন্দ্র-সূর্য নেভে।”

এমন সুন্দরী কন্যে! সে থাকে আকাশপারে! প্রস্তাব শুনে উরশিমার তো চোখে পলক পড়ে না। সে বলল, “হ্যাঁ হ্যাঁ, অবিশ্যি অবিশ্যি। নিশ্চয়ই যাব তোমার সাথে”। এই বলে সে আকাশলীনার হাতটি ধরে দুই চোখের পাতা বন্ধ করল। আর নিমেষের মধ্যেই তারা দুজনে পৌঁছে গেল মেঘের দেশে।

এমন দেশ উরশিমা কখনও দেখে নি। সে দেশের মাটি জেড পাথরের মত হাল্কা সবুজ আভায় উজ্জ্বল। সে দেশের আকাশ বর্ণনাতীত। তারা পৌঁছনো মাত্র পরীর মত সুন্দর ছ’টি মেয়ে ছুটে এল তাদের দিকে। “আকাশলীনার বর এসেছে। শুনছ সবাই, আকাশলীনার বর এসেছে” – বলতে বলতে তারা কলকল করে ছুটে গেল জেড পাথরের শোভায় স্নিগ্ধ, সবুজ এক প্রাসাদের দিকে।

- “এরা কারা?” উরশিমা জানতে চাইল।

- “বুঝলে না? কৃত্তিকারা ছ’বোন। একই সাথে সারাটি দিন এবং রাতের স্বপন।”

উরশিমা ভাবে বাহ রে! আকাশের ছ’টি তারা – কৃত্তিকা – তারাও কিনা আকাশলীনার বন্ধু! বলতে বলতেই এক ভারী সুন্দর সৌম্য দর্শন পুরুষ আর তেমনই সুন্দর এক মহিলা বেরিয়ে এলেন প্রাসাদ থেকে। তাঁরা আকাশলীনার মা-বাবা। আকাশপারের অধিবাসীদের সাথে পৃথিবীর মানুষের মিলন – এ ভারী বিরল ঘটনা। আকাশলীনার মা-বাবা বার বার বলতে লাগলেন কত খুশী হয়েছেন তাঁরা উরশিমাকে নিজেদের মধ্যে পেয়ে। দেখতে দেখতে আরো লোক জড়ো হল। সকলেরই দিব্যকান্তি। এদেশে বার্ধক্য নেই। সকলেই ভারী হাসিখুশি। আকাশলীনা আর উরশিমার বিয়ে উপলক্ষ্যে সক্কলে মিলে খুব আনন্দ করল। নাচে-গানে, অপূর্ব সব খাদ্য-পানীয়ে মেঘের দেশে উরশিমার প্রথম দিনটি ঝলমল করতে লাগল।

* * * * * * * * * * *

দেখতে দেখতে তিনটি বছর কেটে গেছে। উরশিমা আর আকাশলীনা মনের সুখে সংসার করছে। জেড পাথরের দেশটি তার সবুজ দীপ্তি ছড়িয়ে দিচ্ছে উরশিমার সবুজ মনে, মেঘে মেঘে, আকাশলীনার চোখের তারায়। তিনটি বছর পরে উরশিমার হঠাৎ একদিন ফেলে আসার গ্রামের কথা, পৃথিবীর কথা মনে পড়ল। আহা, সেখানে বিকালগুলি কেমন হলুদ! সাগরের ঢেউয়ে নাচতে নাচতে মাছ ধরতে যাওয়ার সেই দিনগুলি! রাতের আঁধারে সাগরের ফেনা কেমন আলেয়ার মত জ্বলে! সেইসব পুরোনো কথা ভারী মনে পড়ে উরশিমার। তার গভীর দুই চোখে কুয়াশা ঘিরে আসে।

উরশিমার মনের ভাব আকাশলীনার নজর এড়াল না। সে জানতে চাইল কি হয়েছে। উরশিমা বলল, “গ্রামের কথা, আমার সেই ফেলে আসা পৃথিবীর কথা বড্ড মনে পড়ছে। সে দেশ এমন ঝলমলে নয়। এমন সবুজ আভা ছড়ায় না সেখানে। মানুষেরাও নয় এমন দেবতার মত সুন্দর। তবু তার কথা বড় মনে পড়ছে। খুব ইচ্ছে করছে নিজের বুড়ো বাপ-মাকে একটিবার দেখি।”

আকাশলীনা বুঝল উরশিমাকে বাধা দিয়ে কোনও লাভ হবে না। দুটিতে মিলে হাত ধরে অনেকক্ষণ হাটঁল চুপচাপ। মেঘের দেশে তখন দিন শেষের ঝিকিমিকি বেলা। অস্ত সূর্যের গোলাপী আলো যখন সন্ধ্যাতারার নীলে মুখ লুকালো তখন আকাশলীনা তার প্রিয়তম উরশিমার হাতে হীরে-মানিক গাঁথা একটি ছোট্ট কৌটো তুলে দিয়ে বলল,

- “উরশিমা, সবুজ ছেলে, নিজের ঘরে যাও
সাগরজলে ভাসাও গিয়ে ফেলে আসা নাও!
আকাশপারের দেশের কথা পড়েই যদি মনে
ফিরতে যদি ইচ্ছে করে জেড পাথরের বনে,
কৌটো ছুঁয়ে আমার কথা একটুখানি ভেবো
মেঘে চড়ে, হাওয়ায় উড়ে ঠিক পৌঁছে যাব।
কিন্তু বলি একটি কথা, দোহাই তোমার শুনো,
কোনমতেই এই কৌটো খুলবে না কক্ষনো ”

আকাশলীনার বাবা-মা ভারী দুঃখ পেলেন উরশিমার চলে যাওয়ার সংবাদে। কৃত্তিকারা ছ’বোন সেদিনের মেঘে ঢাকা আকাশে ম্লান আলোর ইশারা হয়ে জেগে রইল। আকাশলীনা হাসি মুখে উরশিমাকে তুলে দিল তার পুরোনো নৌকায়। বুজিয়ে দিল তার চোখের পাতা। নিমেষের মধ্যে আকাশের দেশ ফিকে হয়ে গিয়ে ফুটে উঠতে লাগল সবুজ পৃথিবী। উরশিমার ফেলে আসা গ্রাম। নীল সাগরের ঢেউ তার কিনারে আছড়ে পড়ছে।

কিন্তু সব কেমন নতুন লাগে। যে পাথরটিতে বসে উরশিমা তার চাঁদের আলোর মত চিকণ জালের পরিচর্যা করতো সেটা সমুদ্রের কত কাছে চলে এসেছে! রাস্তাগুলোও কেমন বদলে গেছে। এই বাড়িগুলোই বা এখানে এল কোথা থেকে! উরশিমা ভাবে ভুল জায়গায় এসে পড়েছে নাকি! কিন্তু সমুদ্রের গন্ধ যে নির্ভুল বলে দিচ্ছে এ তারই গ্রাম।

- “আচ্ছা, উরশিমাদের বাড়িটা কোন দিকে বলতে পারো আমায়? ওর বুড়ো বাপ, ওর মা – কেমন আছে তারা? আমায় সন্ধান দিতে পারো তাদের?”

সাগরপারে জটলা করা কিছু ছেলে উরশিমার প্রশ্নে অবাক হয়ে তাকায়। দূরে এক শ্যাওলা ধরা পাথরের ওপর বসে ছিল এক বুড়োমত লোক। গোলমাল শুনে সে তার জীর্ণ হাতখানি তুলে উরশিমাকে হাতছানি দিয়ে ডাকল।

- “তুমি কে হে বাপু? কোত্থেকে আসছ? এসব পুরোনো দিনের কথা জানলেই বা কেমন করে? শুনেছি বটে আমার বাপ-ঠাকুর্দার কাছে উরশিমা নামের এক জেলের কথা। সে নাকি সমুদ্রে মাছ ধরতে গিয়ে হারিয়ে গেছিল। তাকে আর কেউ কোনদিন দেখেনি। কিন্তু সে তো প্রায় তিনশো বছর আগের কথা। এতদিন পর উরশিমার খোঁজ করছো, কে হে তুমি?”

তিনশো বছর! তিনশো বছর কেটে গেছে! উরশিমা ঘাড় নেড়ে বুড়োর কাছ থেকে চলে আসে। ঘুরে বেড়ায় তার পুরোনো গ্রামের পথে পথে। কিচ্ছুটি আর আগের মত নেই। একটা চেনা মানুষ নেই। চেনা বাড়ি নেই। তার ফেলে যাওয়া দেশটি সম্পূর্ন বদলে গেছে। শুধু সমুদ্রটা সেই আগের মতই সশব্দে আছড়ে পড়ছে পাথরের বুকে। দেখতে দেখতে দশটা দিন, দশটা রাত কেটে গেল। উরশিমা বসে আছে সাগরতীরে। হঠাৎ তার মনে পড়ল আকাশলীনার দেওয়া কৌটোটার কথা। আকাশলীনা কথা দিয়েছিল ওই কৌটো ছুঁয়ে তার কথা ভাবলেই সে চলে আসবে উরশিমার কাছে। আর তাহলেই তো আকাশলীনার সাথে উরশিমা আবার চলে যেতে পারবে মেঘের পারে। এই আত্মীয়-স্বজনহীন নির্বান্ধব দেশে আর থাকতে হবে না তাকে। আনন্দের চোটে উরশিমা ভুলেই গেল আকাশলীনা তাকে কৌটোটা খুলতে বারন করেছিল। সে তড়িঘড়ি হীরে-মানিক জড়ানো সেই মহামূল্যবান কৌটো খুলে বসলো। আর খোলা মাত্রই আকাশলীনার আবছায়া অবয়ব ধূপের ধোঁয়ার মত পাক খেতে খেতে মিশে গেল হাওয়ায় হাওয়ায়, মেঘে মেঘে।


উরশিমা বুঝল নিজের দোষেই সে চিরকালের মত হারালো আকাশলীনাকে। আর কোনদিন সে আকাশলীনার হাত ধরে মেঘের রাজ্যে হাঁটতে পারবে না, জেড পাথরের আভা মাখা সেই আকাশপারের দেশ তার কাছে আর নেমে আসবে না।

* * * * * * * * * * * * * * *

অনেক দিন কেটে গেছে। সাগরপারের ছেলে উরশিমা তার প্রিয় পাথরটিতে বসে তিনশো বছরের পুরোনো গ্রামটির কথা ভাবে। ছেলেবেলার কথা ভাবে। ঘোর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার কথা ভাবে। একবার কেমন মাছের আকাল হয়েছিল আর তার জালে ধরা পড়েছিল এক পাঁচরঙা কাছিম – সেই কথা ভাবে। মাঝে মাঝে এক অদ্ভুত মায়াবী আলোয় আকাশ ভরে যায়। নীলচে ধূসর মেঘের ফাঁক দিয়ে এক ফালি আলো এসে উরশিমার কপাল ছোঁয়। ঝোড়ো সমুদ্রও সেই আলো পেয়ে জেড পাথরের মত সবজে আভায় মসৃণ হয়ে ওঠে। উরশিমা বুঝতে পারে মেঘের ওপার থেকে আকাশলীনার তাকে মনে পড়েছে। সে গলা ছেড়ে গান গেয়ে ওঠে। সবজেটে সমুদ্র শোঁ শোঁ শব্দে সঙ্গত করতে থাকে তার সাথে।

Saturday, August 21, 2010

সত্যি-মিথ্যের গপ্পো

[অনুবাদ। গুগল বুকসে বই সার্চ করতে গিয়ে এই লোককথাটি পেলাম। ইংরিজি নাম "The Old Lady in the Cave" , তবে লোককথাটি কোন দেশের তার উল্লেখ ছিল না। ঈষৎ মেল-শভিনিজম আছে। কি আর করা যাবে। লোককথা এমনই হয়]

এক যে ছিল ছেলে। আর ছিল এক মেয়ে। গোলা ভরা ধান, দীঘি ভরা মাছ, অতিথ-স্বজন, ভজন-পূজন, সাত-মহলা বাড়ি – তাদের কিচ্ছুটি নেই অভাব। তবুও ছেলের বাউন্ডুলে স্বভাব। একলা বসে দীঘির পাড়ে আকাশ-পাতাল ভাবে। মনেতে নাই সুখ। দেখে মেয়ের ভয়েই কাঁপে বুক।

“আচ্ছা শুনি, ব্যাপারটা কি তোমার?”, শুধোয় মেয়ে, “সারাটা দিন আপন মনে অতই বা কি ভাবো? এমন বাড়ি, জমিদারী, লোকে মান্যি করে কত! কোথায় তোমার মন? মুখের কাছে খাবার ধরি – মাছের মুড়ো, মন্ডা-মেঠাই, গব্য ঘৃতে তপ্ত ভাজা লুচি। কিচ্ছুতে নেই রুচি! মেজাজ যেন লাট সাহেবের নাতি! গা জ্বলে যায় দেখলে এমন উলটপানা বাতিক!”

“একটি কথাই ঘুরে ফিরে আসে আমার মনে।”, বললে ছেলে, “‘সত্য’ কোথায় থাকে? তার মুখের কেমন আদল? কোন দেশেতে বসত বারোমাস? কেমন ধরন, কেমন চলন, কেমন বেশবাস? জানতে বড় সাধ হয় রে মেয়ে! কে জানে কোথায় লুকিয়ে আছে পথের বাঁকে! অথবা কোন দীঘির মায়ায়, স্তব্ধ নিবিড় হিজল ছায়ায় পাতার ফাঁকে! ছুঁতে গেলেই হারিয়ে যায় শিশিরফোঁটা! তার খোঁজেতেই আমার ছোটা।”

“মরনরোগে ধরছে তোমায় ছোঁড়া! খণ্ডাবে কে লিখন তোমার পথে পথেই ঘোরা! তবে যাওয়ার আগে হিসেব-নিকেশ চোকাও ষোলোআনা। টাকা-কড়ি, গয়না-গাঁটি, জমির মালিকানা – প্রাপ্য বুঝে নেবো। তারপরেতে যাও যেখানে খুশী। খোঁজ নেবো না মোটে। কপাল আমার! এমন মানুষ আমার ঘরেই জোটে!”

যেমন কথা, সেইমত কাজ। তালুক-তুলুক, মালুক-মুলুক – যা কিছু তার ছিল, লিখে দিয়ে মেয়ের নামে, ছেলে বেরোয় পথের টানে। কুয়াশালীন পাহাড়ি পথ, তরুণ উপত্যকা, আলো-ছায়ার মায়াবী দিন, রামধনুতে ঢাকা – পেরিয়ে গেল। তারপরেতে মস্ত শহর, ব্যাস্ত সবাই ভারী, ঝলমলানো আলোর মালা, আকাশ-ছোঁয়া বাড়ি – দেখলো তাও। তবুও ছেলে সত্য পায় না খুঁজে। পথ দেখাল সাঁঝের পিদিম, সবুজ মোড়া মখমলী গ্রাম, ছোট্ট নদী খামখেয়ালী, বেগুনী ফুল অচেনা নাম – যেইখানে যায় – সবজেটে-নীল বনের ধারে, ঝিনুক-ছেঁচা সাগরপারে, জোছনাহীন অন্ধকারে ঢেউ আছড়ায় খরস্রোতা – কোত্থাও নেই, যার খোঁজেতে এতটা পথ, সেই মেয়েটা কোত্থাও নেই!

দিনের পর দিন কাটে। মাসের পর মাস। পথের পর পথ বয়ে যায়। ছেলের মলিন বেশবাস। এইভাবেতে অনেক দিনের, অনেক পথের শেষে, সন্ধ্যা যখন তারার আলোয় মেশে, ক্লান্ত ছেলে থামল এসে পাহাড়চুড়োয়। একলা সে দেশ নিথর কালো আকাশ ছোঁয়া। পাথর ঘেরা অপরিসর ছোট্ট গুহা। সেই গুহাতে বাস করে এক বুড়ি। ফোকলা বুড়ি, একখানি দাঁত মোটে। শনের নুড়ি চুলের গুছি পিঠ ছাপানো, জোলো হাওয়ায় উড়ছে এলোমেলো। হাড় ক’খানি চামড়া দিয়ে ঢাকা, তীক্ষ্ণ সে মুখ – ছেলে দেখতে পেল। কে এই বুড়ি! কুদর্শনা, দৃষ্টি কেমনতর! ভাবছে ছেলে। এমন সময় বাড়িয়ে হাত, শীর্ণ আঙুল, হলদেটে নখ দীর্ঘ অতি – বুড়ি তাকে ডাকছে ইশারাতে। ছেলেও তখন বেভুল কেমন, চলছে বুড়ির পিছু পিছু, গুহার পথে। আনমুনি গান গাইছে বুড়ি, অবাক সে সুর, শোনেনি কেউ কোথাও। বলছে কথা ছেলের সাথে, গলার আওয়াজ নদীর স্বরের মত, নিখাদ নিটোল, জগতে যা কিছু খাঁটি, বুড়ির গলায় পড়ছে ঝরে, অটুট পরিপাটি। একেই খুঁজতে আসা – বুঝল ছেলে। পাহাড়-নদী-অরন্যপথ, অথই সাগর, নীল জনপদ – অনেক ঘোরার পরে, এবার পেলাম দেখা। ‘সত্য’ বলেই চিনছি তাকে। নিখুঁত স্বরলেখা।

ছেলে ক’দিন সেইখানেতেই থাকে। প্রশ্ন যত জমাট ছিল মনে, চলা-ফেরায় আনা-গোনায় একলা ঘরের কোণে, শুধোয় তাকে। সত্য-বুড়ি যত্ন করে বোঝায়। ছেলের মনে পোষ মেনেছে ঝড়, শুনে কাঁচের মত স্বচ্ছতোয়া, অপূর্ব সে স্বর। দিন কেটে যায়, মাস কেটে যায়। বছর ঘোরার পরে, ভাবছে ছেলে, এবার বাড়ি টানে, ফিরব দেশে। বিদায় নিতে বুড়ির কাছে আসে।

“অনেক কিছু শিখেছি তোমার কাছে”, বলছে ছেলে, “এবার ঘরে ফেরা। ফেরার আগে আমায় বল বুড়ি, যদি কোন ইচ্ছে থাকে তোমার, যদি কোন কাজে লাগতে পারি?”

ফোকলা বুড়ি ঘাড় বেঁকিয়ে ভাবে। প্রাচীন নখের ইশারাতে আবার তাকে ডাকে। “শোনো হে ছেলে, ফিরবে যবে ঘরে, বলবে যখন আমার কথা বন্ধু-স্বজনেরে, সেসব কথা কেমন হবে বুঝতে ভালোই পারি। আমার কেমন মুখের গড়ন, চামড়া কোমল কিনা, হাসলে পরে মুক্তো ঝরে নাকি, এসব নিয়ে চলবে বাড়াবাড়ি। দোহাই ছেলে, এই কথাটি রেখো”, সত্য-বুড়ি কাতর হেসে বলে, তীক্ষ্ণ চোখে আবেশ জড়ায় ভারী, জানায় মনের ইচ্ছে গভীর গোপন, “বোলো তাদের, সত্য হল চিকন, সুদর্শনা লাবণ্যময় যুবতী এক নারী।”